সার্ভার ডাউন, অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে নাজেহাল নিট পরীক্ষার্থীরা
বর্তমান | ১৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চরম সমস্যায় পড়েছে রি-নিট পরীক্ষার্থীরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হয়েছেন পরীক্ষার্থীদের একটি বড়ো অংশ। প্রযুক্তিগত গোলযোগে ডাউন হয়ে রয়েছে এনটিএর সার্ভার। এর ফলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেই চরম হয়রানির শিকার হচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী। সেই কারণে বৃদ্ধি পাচ্ছে উদ্বেগও। কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে জানা যাচ্ছে না পরীক্ষা কেন্দ্রের নাম এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য। আগামী ২১ জুন পুনরায় নিট-ইউজি নিচ্ছে এনটিএ।
বিশেষজ্ঞ মহলের অভিযোগ, প্রথমে প্রশ্ন ফাঁস। তারপর প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষাই বাতিল। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নাজেহাল পরিস্থিতি। শুধুমাত্র একটি পরীক্ষার আয়োজন করতেই বারবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির দিশাহারা অবস্থা। এক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলা হচ্ছে। সবমিলিয়ে ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে।প্রযুক্তিগত গোলযোগের অভিযোগ অবশ্য স্বীকার করেছে এনটিএ। তবে একইসঙ্গে তাদের দাবি, অধিকাংশই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন। বাকিদের ক্ষেত্রেও দ্রুত সমস্যা মিটে যাবে। সোমবার এনটিএ জানিয়েছে, প্রায় চার লক্ষ রি-নিট পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন। যাঁরা এখনও পারেননি, তাঁদের সবরকম সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি, রি-নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব৷ রেল বোর্ডের চেয়ারম্যান, কেন্দ্রের উচ্চ শিক্ষা ও স্কুল শিক্ষা সচিব, এনটিএর ডিজি, ডাক বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে। ২১ জুন পরীক্ষার্থীদের ট্রেন পরিষেবা পেতে যাতে কোনো সমস্যা না হয়, তা সুনিশ্চিত করার জন্য রেল বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এনটিএ জানিয়েছে, যদি রিফান্ড সংক্রান্ত তথ্য আপলোড করতে সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের, তাহলে তাঁদের জন্য রি-নিটের পরেও তথ্য আপলোডের সুযোগ দেওয়া হবে। এনটিএ জানিয়েছে, রিফান্ডের টাকা সরাসরি পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। তবে প্রযুক্তিগত গোলযোগের কারণে অনেক পরীক্ষার্থীই ব্যাঙ্কিং ডিটেলস আপলোড করতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ উঠেছে। প্রধানত তাঁদের কথা মাথায় রেখেই পরীক্ষার পর আরও একবার এসংক্রান্ত তথ্য আপলোড করার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে এনটিএ। পরীক্ষার্থীদের সতর্ক করে জানানো হয়েছে, রিফান্ড সংক্রান্ত কোনোরকম ভুয়ো ফোন কিংবা এসএমএস অথবা ইমেলে যেন তাঁরা সাড়া না দেন।