বেঁচে থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন ইন্দিরা: অশোক গেহলট
বর্তমান | ১৬ জুন ২০২৬
জয়পুর: ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি। ইন্দিরা বেঁচে থাকলে নিশ্চয়ই এদের নিষিদ্ধ ঘোষণা করতেন। জয়পুরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। পালটা তাঁকে হিন্দুবিরোধী বলে তোপ দেগেছে বিজেপি। গেহলটের আক্ষেপ, বিগত পাঁচ দশকে তাঁর রাজনৈতিক জীবনে এমনটা দেখেননি। তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসকদল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। গেহলটের কথায়, ‘ইন্দিরা গান্ধীর মতো নেতা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বিজেপির মতো একটি দলকে নিষিদ্ধ করে দিতেন।’ উত্তরপ্রদেশের নির্বাচন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বিজেপি কেন মুসলিম প্রার্থীদের টিকিট দেয় না? কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘কংগ্রেস হিন্দু এবং হিন্দুত্ব— দুইয়েরই বিরোধী। অশোক গেহলটের মন্তব্যে ফের তার প্রমাণ মিলল।’ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও বলেন, এই মন্তব্য ইন্দিরা গান্ধীর ‘স্বৈরাচারী রাজনীতি’ এবং কংগ্রেসের জরুরি অবস্থার মানসিকতার কথাই মনে করিয়ে দেয়।