• আজ প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপি নেতা হিসেবে পাহাড়ে একাধিকবার পা রেখেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম পাহাড় সফর। আজ, মঙ্গলবার তিনি কার্শিয়াং পাহাড়ে জনকল্যাণ শিবিরে অংশ নেবেন। জনসভা করবেন। তাঁর বার্তার অপেক্ষায় পাহাড়বাসী। এদিকে, মুখ্যমন্ত্রীর প্রথম সফর নিয়ে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি প্রস্তুতি বৈঠক সেরেছে বিজেপি। সবমিলিয়ে পাহাড়ে এখন সাজো সাজো রব। 

    কার্শিয়াং পাহাড়ের গোথালস গ্রাউন্ডে জনকল্যাণ শিবির চলছে। সেখান থেকে প্রশাসনের ১৯টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে। আজ এই শিবিরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সোমবার মঞ্চ বাঁধা হয়েছে। এলাকা পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। এজন্য সমতল ও পাহাড়ে রাস্তা সাজিয়ে তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর কাটআউট, ফ্লেক্সে। প্রশাসনের এক কর্তা জানান, ওই শিবির থেকে পাহাড়বাসীর মধ্যে কিছু পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে পাহাড় ও সমতলের কয়েকজন মন্ত্রী সহ জনপ্রতিনিধি হাজির থাকবেন।

    এছাড়া, মন্টেভিওট গ্রাউন্ড থেকে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সভায় পাহাড়, তরাই ও ডুয়ার্সের জনতা ও বিজেপির কার্যকর্তারা হাজির থাকবেন বলেই খবর। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এদিন কার্শিয়াংয়ে বৈঠক করে বিজেপি। বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিজেপির পার্বত্য সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সঞ্জীব লামা, কার্শিয়াংয়ের বিধায়ক সোনম লামা প্রমুখ উপস্থিত  ছিলেন। 

    পরে সাংসদ বিস্তা বলেন, কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর দু’টি কর্মসূচি। একটি জনকল্যাণ কর্মসূচি, আরএকটি জনসভা। এটা মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফর। এনিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। জনসভা থেকে পাহাড়, তরাই ও ডুয়ার্সের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। 

    প্রসঙ্গত, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং এই তিনটি বিধানসভা কেন্দ্রই বিজেপির কব্জায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রও দীর্ঘদিন ধরে বিজেপির অধীনে। কিন্তু এবার রাজ্যের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো বিধায়ক স্থান পাননি। এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাহাড়বাসীর বক্তব্য, বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার। কাজেই পাহাড়বাসীর দাবি নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই সকলের নজর রয়েছে। • মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)