প্রথম দিনেই ভিড় জনকল্যাণ শিবিরে, উত্তরপাড়ার বিশৃঙ্খলায় ক্ষুব্ধ বিধায়ক
বর্তমান | ১৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজ্যজুড়ে শুরু হল জনকল্যাণ শিবির। চলবে তিনদিন। কলকাতা ও সংলগ্ন জেলায় বিভিন্ন শিবিরে সোমবার ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্বিঘ্নে শিবির আয়োজিত হলেও হুগলির উত্তরপাড়া সহ বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা ছড়াল। যদিও সেখানে গিয়ে পরিকল্পিত অব্যবস্থার অভিযোগ তুললেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সোমবার উত্তরপাড়ার ফণীন্দ্রভবনে জনকল্যাণ শিবির বসেছিল। সেখানে প্রচণ্ড ভিড় ও গরমে নাগরিকদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। তা দেখে ক্ষোভে ফেটে পড়েন দীপাঞ্জন। তাঁর অভিযোগ, জল থেকে ফ্যান কোনো কিছুর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। তিনি বলেন, পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, এগজিকিউটিভ অফিসার পরিকল্পিতভাবে সরকারকে কলঙ্কিত করার প্রয়াস করেছেন। আমি সরকার ও পুরদপ্তরের কাছে ওই দু’জনকে বরখাস্ত করার দাবি জানাব। তবে শুধু উত্তরপাড়া নয়, হুগলি জেলার সর্বত্রই এদিন অব্যবস্থা দেখা গিয়েছে। প্রচণ্ড গরম ও বিরাট লাইন দিয়ে মানুষ সরকারি পরিষেবা নিতে গিয়ে সমস্যায় পড়েছেন।
দক্ষিণ ২৪ পরগনায় রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় কিছু মানুষের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আধিকারিকরা জানান, তাঁদের কাছে সব ধরনের ফর্ম নেই। তাতে কিছুটা সমস্যা তৈরি হয়। অনেক জায়গায় শিবির শুরুর আগেই লাইন শুরু হয়ে যায়। হয়রানির অভিযোগও ওঠেছে। বিভিন্ন শিবিরে আয়ুষ্মান ভারত থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনের জন্য লাইন ছিল বেশি। প্রশাসন জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় রোজ ৭৫টি করে শিবির হবে।
উত্তর ২৪ পরগনার বারাসতের কিশোর সংঘ স্পোর্টিং ক্লাব, বারাসত স্টেডিয়াম, বারাসত নবপল্লিতে সকাল থেকে মানুষের ছিল লম্বা লাইন। বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। শিবির ঘুরে দেখেন, বিধায়ক দেবদাস মণ্ডল। বারাকপুর শিল্পাঞ্চলে জনকল্যাণ শিবিরে মানুষের ঢল ছিল। বারাকপুর বিধানসভা এলাকায় ছটি শিবির ছিল। শিবির ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচী। হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় ন’টি ব্লক ও পুরসভা মিলিয়ে মোট ২১টি শিবির খোলা হয়েছিল। চারটি শিবির পরিদর্শন করেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল।