• সরকারি কর্মচারীদের যোগ দিবস পালন বাধ্যতামূলক করল নবান্ন, রেড রোডে চলবে না গাড়ি
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দিল্লি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের যোগব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করল নবান্ন। মুখ্যসচিবের দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তর, স্বশাসিত সংস্থা এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার স্থায়ী, চুক্তিভিত্তিক, স্বল্পকালীন, দৈনিক মজুরি ভিত্তিক এবং সম্মানভিত্তিক কর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস প্রাঙ্গণ, কর্মস্থল বা নির্ধারিত স্থানে তাঁদের যোগাভ্যাস করতে হবে। যোগা উপলক্ষ্যে মঙ্গলবার থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল লালবাজার। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে ট্রাফিক বিভাগ। এছাড়াও তাতে উল্লেখ করা হয়েছে, ২০ জুন রাত ২টো থেকে ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড বন্ধ থাকবে। একইসঙ্গে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ঘোড়া পাস, কুইনস ওয়ে সহ একাধিক রাস্তা। 

    রেড রোডের পাশাপাশি গঙ্গাবক্ষে নৌকার উপরও হবে যোগ ব্যায়াম। হবে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর যোগ উৎসব। সোমবার কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও জাদব বলেন, ‘২১ জুনই নয়। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসও রয়েছে। তাই ১৯ তারিখ থেকে তিনদিন ব্যাপী কলকাতা সহ পশ্চিমবঙ্গে পালন হবে যোগ উৎসব।’ ১৯ জুন হবে ‘দৌড় সে ধ্যান।’ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। যোগ দিবসের প্রাক্কালে ওই দিন হুগলি নদীর তীরে হবে কার্নিভাল। ড্রোন শো। 

    অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাঁচাদেরও যোগ দিবস সংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর নির্দেশিকা জারি করেছে সমাজ কল্যাণ দপ্তর। তবে কাউকে জোর করে করা হবে না।  যোগ দিবস উপলক্ষ্যে সুন্দরবনের প্রায় ৪০০ নৌকা বাবুঘাট যাবে। মঙ্গলবার থেকে ২৩ জুন পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকবে সুন্দরবন। বোট মালিকদের দাবি, ফলে কেউ যখন থাকবে না তাহলে কীভাবে পর্যটকরা ঘুরবেন। সেকারণেই প্রশাসন থেকে আটদিন জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, এই সময়কালে কোনো বুকিং নেওয়া যাবে না।
  • Link to this news (বর্তমান)