• জুলাইয়ের মধ্যেই সীমান্ত সুরক্ষার ৬০০ একর জমি, সময় দিল কেন্দ্র
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেডলাইন ৩১ জুলাই। তার মধ্যেই বিএসএফের হাতে আরো ৬০০ একর জমি তুলে দিতে হবে রাজ্যকে। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন কেন্দ্রীয় সরকারের বর্ডার ম্যানেজমেন্টের যুগ্ম সচিব পৌসুমি বসু এবং বিএসএফের পদস্থ কর্তারা। এই বৈঠকেই ঠিক হয়েছে, সীমান্তে কাঁটাতার দেওয়া এবং বর্ডার আউটপোস্ট তৈরির জন্য কেন্দ্রেকে আগামী জুলাইয়ের মধ্যে আরো ৬০০ একর জমি তুলে দেবে রাজ্য।

    সীমান্তে সুরক্ষার জন্য ১৩০০ একরের কিছু বেশি জমি কেনার টাকা আগেই রাজ্যকে দিয়ে রেখেছে অমিত শাহের দপ্তর। প্রায় ৪৮৫ কোটি টাকা। এই ১৩০০ একরের মধ্যে, ইতিমধ্যে ৭৪৩ একর জমি বিএসএফকে হস্তান্তর করে দিয়েছে রাজ্য। সেক্ষেত্রে প্রায় ৬০০ একর জমি কিনে হস্তান্তরের প্রক্রিয়া বাকি রয়েছে। এই ৬০০ একর জমিই জুলাই মাসের মধ্যে হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলেই সূত্রের খবর। এদিন প্রতিটি সীমান্তবর্তী জেলা ধরে ধরে বৈঠক হয়। নবান্নে পূর্তদপ্তরের কনফারেন্স রুমে টানা ৯ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। কোচবিহার, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিকে জমি কিনে বিএসএফকে হস্তান্তরের কাজে বিশেষ জোর দিতে বলা হয়েছে। 

    সরকারে এসেই সীমান্ত সুরক্ষার জন্য আরো ৮৮ একর জমি কেনার অনুমোদন দিয়েছে বিজেপি। প্রথমে এই জমির ভ্যালুয়েশনের কাজ সম্পূর্ণ হবে। ভ্যালুয়েশন অনুযায়ী জমির যা দাম দাঁড়াবে, সেই অর্থ কেন্দ্রের থেকে চেয়ে পাঠাবে রাজ্য। এই অর্থ দ্রুত দিয়ে দেওয়া হবে বলে কেন্দ্র জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)