• আর জি করে বিতর্কিত ঘর খুলল ২২ মাস পর! ডাক্তার, নার্স ও কর্মীদের টানা জেরা সিবিআইয়ের
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেই অভিশপ্ত আগস্টের ২২ মাস পর খোলা হল আর জি কর মেডিকেল কলেজের ইমার্জেন্সি বাড়ির আটতলার বহু বিতর্কিত ঘরটি। অনেকে এটিকে আর্থোস্কপি রুম বা অর্থোপেডিক বিভাগের যন্ত্রপাতির স্টোর রুম বলেও অভিহিত করেন। তার আগে অবশ্য সেই ঘরের তালা খোলা নিয়ে একপ্রস্থ দৌড়াদৌড়ি পড়ে। কারণ, ঘরের দরজার গালা দিয়ে সিল করা তালার চাবিই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর আইনগত সমস্যায় পড়ে যাওয়ার আশঙ্কায় তালাভাঙার সিদ্ধান্তও নিতে চাইছিল না কোনো পক্ষ। শেষমেশ চাবিওয়ালাকে ডেকে চাবি তৈরি করে এদিন বিকেলে সেই ঘর খোলা হয়। ঘরের ভিডিয়োগ্রাফি করা হয়েছে। আজ মঙ্গলবার সিবিআইয়ের ফরেনসিক টিম এসে ওই বিতর্কিত ঘর থেকে নমুনা সংগ্রহ করবে।

    সম্প্রতি হাইকোর্ট অভয়া কাণ্ডের পুনঃতদন্তের নির্দেশ দেয়। সিবিআইকে সিট গঠন করতে বলে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুগ্ম অধিকর্তা (পূর্বাঞ্চল) সন্দীপনী গর্গের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল। অ্যাকাডেমিক বাড়িতে অধ্যক্ষ অফিসের উপরিতলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পালা চলে। যেসব চিকিৎসক অভয়ার ময়নাতদন্ত করেছিলেন, তাঁদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কখন দেহ তাঁরা রিসিভ করেছিলেন, কী অবস্থায় পেয়েছিলন, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের ময়ানতদন্তকারী দলের প্রত্যেকের ওপিনিয়ন একই ছিল কি না—সবটাই জানতে চান তাঁরা। 

    আর জি কর সূত্রের খবর, অভয়া কাণ্ডের পর সেই বিতর্কিত ঘরে রক্তমাখা গ্লাভস, দেওয়ালে রক্তমাখা হাতের ছাপসহ বেশকিছু সন্দেহজনক বিষয় লক্ষ করেন হাসপাতাল কর্মীরা। বিষয়টি সিবিআইকে জানিয়ে দ্রুত সেই ঘর নিয়ে প্রয়োজনীয় তদন্ত করার জন্য সীমা পাহুজার নেতৃত্বাধীন সিবিআইয়ের তখনকার তদন্তকারীদের জানানো হয়। সেই অনুরোধ একাধিকবার লিখিতভাবে করার পরও কেউ তালা খুলে বিতর্কিত ঘরটি নিয়ে তদন্ত করেননি বলে অভিযোগ। তাই সীমাসহ আগের তদন্তকারীদের প্রত্যেকের ভূমিকাই এখন স্ক্যানারে। 

    এদিন সওয়া ১২টা নাগাদ সিবিআইয়ের নতুন টিম আর জি করে আসে। অধ্যক্ষের অফিসে বৈঠক করে তাঁরা চলে যান ঠিক তার উপরের তলার একটি ঘরে। সেখানেই পরপর জিজ্ঞাসাবাদ চলতে থাকে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা ছাড়াও, কর্তব্যরত নার্স এবং সাফাইকর্মীদের বক্তব্যও শোনা হয়। একজন মহিলা সাফাইকর্মী আর জি কর কাণ্ডের ‘সবটাই আমার জানা’—এই কথা জানিয়ে তখন চারদিকে ফোন করছিলেন। তাঁকেও এদিন জ্ঞিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার রাত পৌনে ৮টা নাগাদ সিবিআই টিম বেরিয়ে যায়।
  • Link to this news (বর্তমান)