• স্বস্তি অমিল, সুজিতের জামিন মামলায় ইডির বক্তব্য জানতে চাইল হাইকোর্ট
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: সোমবারও স্বস্তি মিলল না। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় এবার ইডির বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। এদিন বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ২৯ জুনের মধ্যে ইডিকে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাতে হবে। আগামী ১ জুলাই ফের এই মামলার শুনানি। অর্থাৎ আপাতত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। 

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সুজিত। বর্তমানে তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। বিশেষ ইডি আদালতের নির্দেশে ইতিমধ্যে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পেয়েছেন। এরপরই জামিনের আরজি জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এর আগে ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন তিনি। কিন্তু তাতে সুরাহা মেলেনি। এবার তাঁর জামিনের আরজির প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। গত ১১ মে সুজিতকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরি প্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রের খবর, সেই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরি প্রার্থীর নাম রয়েছে। 

    ইডির তরফে এদিন জামিনের বিরোধিতা করা হয়। সুজিত বসুর হয়ে এদিন হাইকোর্টে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি ইডির দাবির তীব্র বিরোধিতা করে সওয়ালে বলেন, ‘২০২৩ সালের ইডি মামলা। প্রায় সাড়ে তিনবছর তদন্তে ডাকেনি ইডি। জনপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন মক্কেল। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান দায়িত্ব সামলেছেন। ২০২৬ সালের মে মাসে দু-বার তাঁকে তলব করা হয়। দ্বিতীয় হাজিরার দিন গত ১১ মে গ্রেপ্তার করা হয় সুজিতকে। গ্রেপ্তারির বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।’ ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী পালটা মামলা সংক্রান্ত জবাবদিহি করার সময় চান। ২৯ জুনের মধ্যে ইডিকে জবাবদিহির সময় দিয়েছে হাইকোর্ট।
  • Link to this news (বর্তমান)