সংবাদদাতা, বনগাঁ: অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানায় মামলা করলেন জ্যোতিষী তনয় দাস (শাস্ত্রী)। ১১ জুন অভিনেত্রীর বিরুদ্ধে কেস রুজু করার আবেদন করেন। ঘটনাটি পুরানো। ২৫ জানুয়ারি বনগাঁর একটি ক্লাবে অনুষ্ঠান করতে আসেন মিমি চক্রবর্তী। দেরিতে অনুষ্ঠানে আসায় মঞ্চে অভিনেত্রী দাঁড়িয়ে থাকা অবস্থায় অনুষ্ঠান বন্ধ করার কথা ঘোষণা করেন তনয় শাস্ত্রী। এই ঘটনায় অপমানিত বোধ করে তনয়ের বিরুদ্ধে অভিযোগ করেন মিমি। তখন গ্রেপ্তার হন জ্যোতিষী। জামিন মুক্ত হয়ে গত ফেব্রুয়ারি মাসে থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন তনয় শাস্ত্রী। দাবি ছিল, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু তাঁর অভিযোগ, এতদিন অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। সে কারণে পুনরায় মামলা রুজু করতে থানায় অভিযোগ করেন তিনি। এ বিষয়ে মিমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, ফোনে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও উত্তর পাওয়া যায়নি।