নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ৬ বছর আগে শিরাকলে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তদন্তের মুখে পড়তে চলেছেন জাহাঙ্গির খান। মূল অভিযুক্ত হিসাবে নাম ছিল তাঁর। কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকার ফলে পূর্ণাঙ্গ তদন্ত হয়নি বলে অভিযোগ। রবিবার তৃণমূল নেতাকে আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে আরও মামলা যুক্ত করা নিয়ে আবেদন করা হয়েছিল। তার মধ্যে এই হামলার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। মঞ্জুর করেন বিচারক। সূত্রের খবর, ফলতা থানাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার অভিযোগ হয়েছিল। তারাই এবার জাহাঙ্গিরকে হেপাজতে নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে খবর। এদিকে, এলাকায় সাধারণ মানুষের মধ্যে ফের হাঁটানো হল ফলতার পুষ্পাকে। তবে এবার তাঁকে কান ধরে ক্ষমা চাইতে দেখা গেল। খালি পায়ে হাঁটতে হাঁটতে বার বার কান ধরছিলেন তিনি। শুধু তাই নয়, কোমরে ছিল দড়িও। এই নিয়ে তিনবার ভিন্ন ভিন্ন জায়গায় হাঁটিয়ে তৃণমূল নেতার প্রতি মানুষের ভয় কাটানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। পুলিশের দাবি, তদন্তের স্বার্থেই তৃণমূল নেতাকে বিভিন্ন ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে বের করা হয়েছিল। এদিকে, জাহাঙ্গিরের হয়ে সওয়াল করে রাস্তায় নামলেন এক দল মহিলা। সোমবার ফলতার শ্রীরামপুরের কাছে রাস্তা অবরোধ করেন তাঁরা। জাহাঙ্গিরকে ছেড়ে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি, কেন তাঁকে রাস্তায় ঘোরানো হচ্ছে, এই নিয়েও সরব হন মহিলারা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।