লক্ষ লক্ষ টাকার সোনা! সব্যসাচীর ফ্ল্যাটে রসিদ পেল পুলিশ
বর্তমান | ১৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের নিউটাউনের ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকার সোনা কেনার রসিদ পেল পুলিশ। মোট কত টাকার সোনা কিনেছেন, সেই টাকার উৎস কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর ফ্ল্যাট থেকে ৭০-৮০ গ্রাম সোনার গয়নাও উদ্ধার হয়েছে। অন্যদিকে, যে তোলাবাজির ঘটনায় সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কাণ্ডে তাঁর একসঙ্গীকেও গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতের নাম বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ওরফে গুজি। এফআইআরে নাম ছিল বিদ্যুতের। এ নিয়ে এই কাণ্ডে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগে গত ৮ জুন রাতে সব্যসাচীকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনি ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। আরও এক কোটি টাকা নাকি দাবি করা হয়েছিল। অভিযোগপত্রে সব্যসাচীর সঙ্গে বিদ্যুৎ ওরফে গুজির নামও ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজির হাত দিয়েই সব্যসাচী ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। রবিবার সব্যসাচীকে সঙ্গে নিয়েই বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁর ওয়ার্ড অফিস, মৈত্রী সংঘ ক্লাব এবং একটি যোগ সেন্টারে হানা দেয়। বেশ কিছু নথিপত্র ও ফাইল বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তারের পরের দিন এবং রবিবার সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, ওইদিনই নিউটাউনের ফ্ল্যাটে গিয়ে পুলিশ অভিযান চালায়। সেখানেই প্রচুর সোনা কেনার রসিদ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, লক্ষ লক্ষ টাকার সোনা কেনার রসিদ মিলেছে। সবকটি রসিদের টাকার অঙ্ক যোগ করা হচ্ছে। অনুমান, কোটি টাকার উপর সোনা কিনেছিলেন তিনি। ওই টাকার উৎস কী, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্ল্যাট থেকে গয়না সোনা যা মিলেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার তাঁকে সঙ্গে নিয়ে নিউটাউনের ফ্ল্যাটে যায় পুলিশ।
প্রসঙ্গত, তোলাবাজি, প্রতারণা, মারধর, শ্লীলতাহানি প্রভৃতি অভিযোগে বিধাননগর উত্তর থানার হাতে গ্রেপ্তার হয়েছেন আরও এক তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সোমবার তাঁকে তদন্তের জন্য পুলিশ এলাকায় নিয়ে যায়। তবে, এদিন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়নি। এর আগে তাঁকে ‘ডিম থেরাপি’র মুখে পড়তে হয়েছিল।