পাঁচলায় বিক্ষোভের মুখে কেঁদে ভাসালেন পঞ্চায়েত প্রধান
বর্তমান | ১৬ জুন ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: জনগণের ক্ষোভের মুখে পড়ে কেঁদে ভাসালেন পঞ্চায়েত প্রধান। শুধু তাই নয়, চাপে পড়ে কান ধরার পাশাপাশি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতেও দেখা গেল তাঁকে। সোমবার দুপুরে ঘাটনাটি ঘটেছে পাঁচলা ব্লকের জুজুরসা গ্রাম পঞ্চায়েতে। পরে পাঁচলা থানার পুলিশ পঞ্চায়েত প্রধান সহ তিনজনকে উদ্ধার করে নিয়ে যায়।
জুজুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি জোর করে দখল করা সহ একাধিক দুর্নীতির অভিযোগ আছে। কয়েকদিন আগে এমন সব অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্ত হন। যদিও তাঁর বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ ছিল। সোমবার মন্দিরা গায়েন পঞ্চায়েতে এসেছিলেন। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে পঞ্চয়েতের কর্মীরা গেটে তালা দিয়ে দেন। বাইরে বিক্ষোভ দেখাতে থাকে মানুষ।
এদিকে এই বিক্ষোভের মুখে পড়ে কার্যত ভেঙে পড়েন প্রধান মন্দিরা গায়েন। তিনি কাঁদতে থাকেন। হাত জোড় করে মানুষের কাছে ক্ষমাও প্রার্থনা করেন। বিক্ষোভের খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতা রঞ্জন পাল বলেন, মন্দিরা গায়েনের উপর সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। সোমবার তিনি ফাইল লোপাট করার উদ্দেশ্যে পঞ্চায়েতে এসেছিলেন। তাই মানুষ বিক্ষোভ দেখিয়েছে। নিজস্ব চিত্র