• ‘বর্তমান’-এর খবরের জের, সিপি’র ব্যক্তিগত সচিবের পদ থেকে সরানো হল ওয়েলফেয়ারের নেতাকে
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ‘বর্তমান’-এ সংবাদ প্রকাশিত হতেই তড়িঘড়ি কলকাতার পুলিশ কমিশনারের (সিপি’র) ব্যক্তিগত সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল ওয়েলফেয়ারের নেতা সুমিত দাশগুপ্তকে। গত ৯ জুন সিপি তাঁকে ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করেছিলেন।

    ইডির হাতে ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুমিত দাশগুপ্ত ওয়েলফেয়ারের সেন্ট্রাল কমিটির সদস্য বলে জানা গিয়েছে। ওয়েলফেয়ারের শীর্ষস্থানীয় নেতাকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানোকে কেন্দ্র করে কলকাতা পুলিশের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। বিজেপি সরকার গঠনের পর তৃণমূল ঘনিষ্ঠ ওয়েলফেয়ারের নেতাকে কেন সিপি নিয়োগ করলেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

    এরপরই বিতর্ক এড়াতে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুমিত দাশগুপ্তকে লালবাজার থেকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করে দেন। পাশাপাশি, সিপির ব্যক্তিগত সচিব পদে আনা হয়েছে নর্থ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোশন সিংকে। কলকাতার পুলিশ মহলে রোশন সিং পরিচ্ছন্ন ভাবমূর্তির অফিসার বলে পরিচিত।

    লালবাজারে পুলিশ অফিসারদের একটা বড়ো অংশের অভিযোগ, ‘তৃণমূল সরকারের আমলে ওয়েলফেয়ার শীর্ষনেতাদের দাপটে কলকাতা ও রাজ্য পুলিশে পোস্টিং নিয়ে স্বজনপোষণের পাশাপাশি তোলাবাজিও চলেছে। এমনকি, ওয়েলফেয়ারের নেতাদের বাধাতেই ২০১৬ সালের বিধানসভা ভোটে অতি সক্রিয়তার অভিযোগে রাজ্য পুলিশে বদলি করা অফিসারদের এখনও কলকাতা পুলিশে ফেরানো যায়নি। বিনা দোষে বহু যোগ্য পুলিশ অফিসারকে বিজেপি ঘনিষ্ঠ তকমা দিয়ে ওসি হতে দেওয়া হয়নি।’ যদিও কাগজে-কলমে কলকাতার থানাগুলির ওসিদের নিয়োগ করেন পুলিশ কমিশনার। কিন্তু ওয়েলফেয়ারের নেতাদের দাপটে পুলিশ কমিশনাররা তাঁদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন। ফলে এ নিয়ে বাহিনীর অন্দরে ব্যাপক ক্ষোভ রয়েছে।
  • Link to this news (বর্তমান)