• গ্রামবাংলা বঞ্চিতই, ১০০ দিনের কাজ মাত্র ৩৩ পঞ্চায়েতে
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছর পর ৯ জুন থেকে রাজ্যে ফের চালু হয়েছে বহু প্রতীক্ষিত ‘১০০ দিনের কাজ’ (মনরেগা)। তারপর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি। কিন্তু রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের (জিপি) মধ্যে এই কাজ শুরু হয়েছে মাত্র ৩৩টিতে। বাকি ৩,৩০৬টি গ্রাম পঞ্চায়েতে এখনও কাজ শুরু না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ নবান্ন। এসব পঞ্চায়েতে দ্রুত কাজ শুরুর জন্য অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। 

    আগামী ১ জুলাই থেকে ‘মনরেগা’র বদলে দেশজুড়ে চালু হবে ‘১২৫ দিনের কাজ’ বা ‘ভিবি জি রাম জি’ প্রকল্প। তাই চলতি মাসের মধ্যে ‘মনরেগা’ প্রকল্পের ১ কোটি ৫৩ লক্ষ শ্রমদিবস তৈরির টার্গেট বেঁধে দিয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গের জন্য এই সংখ্যক শ্রমদিবসই অনুমোদন করেছে কেন্দ্র। ৯ জুন হাওড়ার উলুবেড়িয়া ২ নং ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের জগরামপুর কর্মকারপাড়ায় হাতে কোদাল নিয়ে ‘১০০ দিনের কাজ’ পুনরায় চালু করেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। কাজ শুরু নিয়ে জোরদার প্রচারও চালায় পঞ্চায়েত দপ্তর। তারপরও কেন মাত্র ৩৩টি জিপিতে কাজ শুরু করা গেল? ওয়াকিবহাল মহলের মতে, এর পিছনে রয়েছে ‘ডিম খাওয়ার ভয়’!  রাজ্যের অধিকাংশ পঞ্চায়েতই রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। কিন্তু পালাবদলের পর বহু এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দেখাই মিলছে না। বিভিন্ন জায়গায় তৃণমূল জনপ্রতিনিধিদের দেখতে পেলেই বিজেপি ও বিক্ষুব্ধ জনগণের একাংশ যেভাবে ডিম ছুড়ছে, তাতে প্রকাশ্যে আসার সাহসই পাচ্ছেন না পঞ্চায়েত সদস্যদের বড়ো অংশ। সেক্ষেত্রে ‘১০০ দিনের কাজ’ পুনরায় শুরুর দায়িত্ব এসে পড়ছে আধিকারিকদের ঘাড়ে। এই পরিস্থিতিতে জবকার্ড হোল্ডারদের হাতে কাজ দিতে কড়া বার্তা দেওয়া হয়েছে জেলাশাসকদের। 

    ‘মনরেগা’ প্রকল্পের অধীনে প্রতিটি জিপিতে অন্তত দু-তিনটি স্কিমের কাজ চালুর নির্দেশ দেওয়া হয়েছিল আগে। কিন্তু সেটুকুও হয়নি সিংহভাগ ক্ষেত্রে। এক মাসের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০২ কোটি টাকা। আমলা মহলের বক্তব্য, ‘১০০ দিনের কাজ’ বন্ধ হওয়ার আগে ৩৬ থেকে ৪২ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে এরাজ্যে। এটাই ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। ‘ভিবি জি রাম জি’র হাত ধরে পুনরায় সেই রেকর্ড সৃষ্টির স্বপ্ন দেখছে রাজ্য। কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, ১ জুলাই থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে প্রতিটি রাজ্যকে ‘ভিবি জি রাম জি’ প্রকল্প চালু করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার চাইছে, ১ জুলাই থেকেই এই প্রকল্পের সূচনা করে গ্রামবাংলার জবকার্ড হোল্ডারদের জন্য যত দ্রুত সম্ভব ‘১২৫ দিনের কাজ’ সুনিশ্চিত করতে। আর তার জন্য চলতি মাসেই ‘মনরেগা’ প্রকল্প শেষ করাটা সরকারের অন্যতম অগ্রাধিকারের তালিকায় এসে পড়েছে। রাজ্যের কড়া বার্তা পেয়ে জেলায় জেলায় সংশ্লিষ্ট আধিকারিকরা বৈঠক করে প্রতিটি পঞ্চায়েতে তৎপরতার সঙ্গে কাজ চালুর উদ্যোগ নিতে শুরু করেছেন বলে খবর। ফলে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের বহু গ্রাম পঞ্চায়েতে ফের ‘১০০ দিনের কাজ’ শুরু হয়ে যাবে বেল আশা রাজ্য ও জেলা প্রশাসনের কর্তাদের।  
  • Link to this news (বর্তমান)