• যোগ দিবসে সুন্দরবন থেকে লঞ্চ, বোট আসছে বাবুঘাটে
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • এই সময়, গোসাবা: ২১ জুন কলকাতায় বিশ্ব যোগ দিবসে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই যোগ দিবসে অংশ নেওয়ার জন্য সুন্দরবন থেকে কলকাতায় পাড়ি দিতে চলেছে সমস্ত টুরিস্ট লঞ্চ এবং মেকানাইজ়ড বোট। তার জেরে আগামী এক সপ্তাহ সুন্দরবনে বন্ধ থাকবে পর্যটন। সোমবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, অনিবার্য কারণে ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনের পর্যটন বন্ধ থাকবে। এই সময়ে অনলাইন বুকিং পোর্টালও সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা হবে দপ্তরের পক্ষ থেকে। সমস্ত ইকো ট্যুরিজম স্পটেও পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

    সোমবার ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে সুন্দরবনের সমস্ত ট্যুর অপারেটর, লঞ্চ, বোট ওনার্স অ্যাসোসিয়েশন এবং হোটেলমালিক সংগঠনকে। বিশ্ব যোগ দিবস উপলক্ষে কলকাতার বাবুঘাটে সুন্দরবন থেকে আসা ৫০০ জলযান উপস্থিত থাকবে। আজ, মঙ্গলবার থেকেই একে একে সেই জলযানগুলি রওনা দেবে বাবুঘাটের উদ্দেশে।

    এই প্রসঙ্গে সুন্দরবন টুরিস্ট মেকানাইজ বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিরুল মিদ্দে বলেন, ‘আমাদের সংগঠন থেকে ৪০৭টি মেকানাইজ টুরিস্ট বোট রওনা দেবে কলকাতায় প্রধানমন্ত্রীর যোগা দিবসের অনুষ্ঠান উপলক্ষে। আমাদের সেই তালিকা গোসাবা বিডিও অফিসে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। সেই কারণেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে ১৬ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত সুন্দরবনের পর্যটন বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।’

    এমনিতেই জুন মাসের পর থেকে সুন্দরবনের পর্যটকদের আনাগোনা বেড়ে চলেছে। ইতিমধ্যে একাধিকবার দেখা মিলছে রয়্যাল বেঙ্গল টাইগারের। ভরা মরশুমের শুরুতেই এমন নির্দেশিকা জারি করায় ব্যবসায়িক ক্ষতি মুখে পড়তে চলেছেন লঞ্চ, বোট এবং হোটেল মালিকরা। এক সপ্তাহ পর্যটন বন্ধ থাকায় তার উপরে নির্ভরশীল বহু মানুষও বিপাকে পড়েছেন।

    সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ জুন থেকে সুন্দরবনে পর্যটন কার্যক্রম আবার স্বাভাবিক ভাবেই শুরু হবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখরকে একাধিকবার ফোন করা হলেও সেই নম্বরে যোগাযোগ করা যায়নি।

  • Link to this news (এই সময়)