সাধারণ এয়ারম্যান থেকে ফ্লাইং অফিসার, ফাইটার জেটের ককপিটে মাঠে লাঙল ধরা যুবক
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
মাঠে দিনরাত চাষবাস করেই কেটেছে বিক্রমবাবুর জীবন। ছেলেকে নিয়ে তাঁর স্বপ্ন ছিল বড়জোর সেনাবাহিনীর একটা সাধারণ চাকরি। তবে নীল আকাশের সীমানা ছোঁয়ার স্বপ্ন তাঁর ছিল না। তিনি জানিয়েছেন, তল্লিগুড়ি হাইস্কুলের ফার্স্ট বয় পড়াশোনার পাশাপাশি জমিতে তাঁর সঙ্গে কোদালও ধরেছে। শিলিগুড়ি কলেজে ভূগোল নিয়ে পড়ার পর দেবাশিস প্রথমে বায়ুসেনায় যোগ দেন একজন সাধারণ ‘এয়ারম্যান’ হিসেবে।
কিন্তু লক্ষ্য যাঁর আকাশ ছোঁয়া, তাঁকে কি আর বেঁধে রাখা যায়! ডিউটির ফাঁকেই জান লড়িয়ে প্রস্তুতি নেন কঠিন পরীক্ষার। এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হয়ে আজ তিনি সোজা ফ্লাইং অফিসার। দেবাশিসবাবুর এই লড়াইয়ে পাশে ছিলেন স্ত্রী অনুশ্রীও। ডিউটি সামলে রাত জেগে পড়ার দিনগুলিতে অনুশ্রী তাঁকে অবিরাম উৎসাহ জুগিয়েছেন।
পুরো গ্রামেই এই প্রথম কেউ বায়ুসেনার পাইলট হলেন। হায়দরাবাদের অ্যাকাডেমি থেকে এবার একসঙ্গে পাশ করেছেন ২০০ জন ক্যাডেট। তাঁদের মধ্যে নিজেদের গ্রামের এই ছেলেকে নিয়ে এখন উৎসবের মেজাজ তল্লিগুড়িতে। আপাতত তল্লিগুড়ির এই আকাশছোঁয়া হিরো কখন ছুটিতে বাড়ি ফিরবেন, সেই অপেক্ষাতেই চাতক পাখির মতো বসে আছে গোটা গ্রাম।