তাজপুর ছেড়ে কেন দাদনপাত্রবাড়েই হচ্ছে গভীর সমুদ্র বন্দর? কারণ খোলসা করলেন মুখ্যমন্ত্রী
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
: গভীর সমুদ্র বন্দরটি তাজপুরে নয়, বরং দাদনপাত্র বাড়ে নির্মিত হবে। তা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তাজপুরের বদলে কেনই বা তার আট কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়কে বেছে নেওয়া হয়, তা নিয়ে সমস্ত স্তরের মানুষের কৌতুহল ছিল। সেই কৌতুহল এবার নিবারণ করল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন শুধুমাত্র এই একটি মাত্র কারণেই দাদন পাত্র বাড় গভীর সমুদ্র বন্দর তৈরি করার ক্ষেত্রে তাজপুরের থেকে এগিয়ে। দিঘায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তা জানালেন।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে তাজপুরে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার বরাত দেওয়া হয়েছিল আদানি গোষ্ঠীকে। ২২ সালের ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাজপুর বন্দরের কাজ শুরু হয়েছে এবং সেখানে প্রচুর কর্মসংস্থান হবে। মন্ত্রিসভার বৈঠকের পর তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার জন্য আদানি গোষ্ঠী অর্থ লগ্নি করবে বলেই দাবি করেছিলেন। কিন্তু বিগত রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে সরিয়ে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ক্ষেত্রে তাজপুরের অদূরে দাদন পাত্র বাড়কে বেছে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বন্দর গড়ে তোলার জন্য পর্যাপ্ত জমি।
প্রশাসন সূত্রে জানা যায়, তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার পরিপন্থী পর্যাপ্ত জমি না থাকা। তাজপুরের রাজ্য সরকারের হাতে কোনও জমি নেই। অন্যদিকে তাজপুরের অদূরে দাদন পাত্র বাড়ে রাজ্য সরকারের হাতে রয়েছে ১৭০০ একর জায়গা। যা বন্দর গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক জমির চাহিদা মিটিয়ে দেবে। পরবর্তীতে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করার চিন্তা ভাবনা রয়েছে সরকারের। অন্যদিকে তাজপুরে বন্দর করে তুলতে হলে পুরোটাই জমি অধিগ্রহণ করতে হত। তাই রাজ্য সরকার তাজপুরের বদলে দাদন পাত্র বাড়কে বেছে নিয়েছে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার ক্ষেত্রে।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “বন্দর গড়ে তুলতে হলে পর্যাপ্ত জমির প্রয়োজন। বন্দরের গোডাউন ও ওয়্যার হাউজ প্রয়োজন। যেমনটা হলদিয়া বন্দরের রয়েছে। দাদন পাত্র বাড়ে রাজ্যের হাতে রয়েছে ১৭০০ একর জায়গা। প্রায় পাঁচ হাজার একর জায়গা লাগবে। বন্দরে যুক্ত হবে জাতীয় সড়ক ও রেলপথ। সবদিক থেকে দাদন পাত্র বাড় অনেকটাই উপযুক্ত। তাজপুরে জমির সমস্যা রয়েছে। রামনগর বিধানসভার অন্তর্গত এই দাদন পাত্র বাড়ে একসময় বেঙ্গল লবণ ফ্যাক্টরি ছিল। পরবর্তীতে ওই জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে ওই জায়গা খালি পড়ে রয়েছে। ওই জায়গাতেই হতে চলেছে গভীর সমুদ্র বন্দর।”