নাড্ডার কনভয়ে হামলায় নতুন করে তদন্তের জালে জাহাঙ্গির খান
দৈনিক স্টেটসম্যান | ১৬ জুন ২০২৬
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ফের আলোচনায় উঠে এল জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে সংঘটিত সেই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ফাইল নতুন করে খুলে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের কেন্দ্রে রয়েছেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বর্তমানে জাহাঙ্গির খান জেলে রয়েছেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ফের তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে ডায়মন্ড হারবার যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে শিরাকোল এলাকায় তাঁর কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে। সেই সময় নাড্ডার সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। হামলার পরে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
মৃত্যু পর্যন্ত হতে পারত। ঘটনার পর দায়ের হওয়া এফআইআরে জাহাঙ্গির খানের নাম থাকলেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলে অভিযোগ। সেইসময় অভিযুক্তদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে পুরনো মামলাগুলির পুনর্তদন্তের সিদ্ধান্ত নেওয়ার পর ওই ফাইলও ফের খতিয়ে দেখা হচ্ছে।