• নদিয়ায় শুরু ১২৫ দিনের কাজ, কোদাল হাতে প্রকল্পের উদ্বোধনে বিজেপি বিধায়ক
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জুন ২০২৬
  • রাজ্যে নতুন করে কর্মসংস্থানের লক্ষ্যে শুরু হয়েছে ১২৫ দিনের কাজের প্রকল্প। পূর্বের ১০০ দিনের কাজের পরিবর্তে নতুন উদ্যোগে অতিরিক্ত কর্মদিবসের সুযোগ পাচ্ছেন গ্রামীণ এলাকার মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রকল্পের কাজ শুরু হয়েছে।

    সোমবার নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুষ্ঠানিকভাবে ১২৫ দিনের কাজের সূচনা হয়। এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক সুকান্ত বিশ্বাস। তিনি নিজে কোদাল হাতে নিয়ে একটি পুকুর খননের কাজ শুরু করেন এবং শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ কাজও করেন।

    উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের কারণে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি নতুন রূপে চালু করেছে।

    সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় নতুন কর্মসূচির আওতায় গ্রামীণ মানুষ ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে।

    কৃষ্ণগঞ্জে প্রকল্পের সূচনা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। তাঁদের আশা, এই কর্মসূচির মাধ্যমে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের কাজও দ্রুত এগোবে। নতুন এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)