• যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক, নির্দেশ রাজ্য সরকারের
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জুন ২০২৬
  • আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যসচিব মনোজ আগারওয়ালের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, ওই দিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর, সরকারি আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে যোগাভ্যাসে অংশ নিতে হবে কর্মীদের।

    সরকারি নির্দেশে জানানো হয়েছে, শুধু স্থায়ী কর্মী নয়, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিকভিত্তিক কর্মীদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

    এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীকে ঘিরে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে বিরাট প্রস্তুতি শুরু হয়েছে।

    ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বিদেশে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। গত বছর তিনি বিশাখাপত্তনমে যোগ দিবস পালন করেছিলেন।

    ২০২৪ সালে শ্রীনগরের ডাল লেক সংলগ্ন শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগাভ্যাসে অংশ নেন তিনি। তার আগের বছর রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন করেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের নতুন নির্দেশিকার ফলে এ বছরের যোগ দিবস রাজ্যে আরও বৃহৎ পরিসরে পালিত হতে চলেছে বলে প্রশাসনিক মহলের ধারণা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)