বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
দৈনিক স্টেটসম্যান | ১৬ জুন ২০২৬
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রবাশী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ঠ মহলের একাংশ।
মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যে শিল্প বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। সেই প্রেক্ষাপটে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইস লিমিটেডের চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সংস্থাটি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেন। পোস্টে লেখেন প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত আরামদায়ক ছিল। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন এবং নতুন বিনিয়োগের পথ খুলে দেবে। এর ফলে বাংলার মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং রাজ্যের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এদিকে রাজ্যে শিল্প বিনিয়োগের ধারা আরও জোরদার হচ্ছে। গুজরাতের দুগ্ধ সমবায় সংস্থা আমুল হাওড়ার সাঁকরাইলে বড় আকারের বিনিয়োগ করতে চলেছে। সেখানে দেশের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পানা রয়েছে সংস্থাটির। এসব উদ্যোগ পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।