জাপানের সঙ্গে ২–২ ড্রয়ের পরে নেদারল্যান্ডস ক্যাম্পকে হতাশা গ্রাস করবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে যে ভাবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যাচে ফিরে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল জাপান। কিন্তু হতাশার পাশাপাশি ফিফার চালু করা হাইড্রেশন ব্রেক নিয়ে কথা বলে আমেরিকা তো বটেই, ইউরোপের মিডিয়াতেও চোখ টেনে নিয়েছেন ডাচ ক্যাপ্টেন ভার্জিল ফান ডাইক।
তিন মিনিটের হাইড্রেশন ব্রেক নিয়ে ফান ডাইক বলছেন, 'কনসেপ্টটা ইন্টারেস্টিং। কিন্তু ম্যাচ দেখার সময়ে টিভিতে এত কমার্শিয়াল ব্রেক একেবারেই ভালো লাগছে না। খুব গরম হলে প্লেয়ারদের ব্রেক নিশ্চয়ই দরকার, কিন্তু প্রতি ম্যাচে সেটা দরকার কি না, ভাবা দরকার।'
ফান ডাইকের ইঙ্গিত, ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নেদারল্যান্ডস বনাম জাপান ম্যাচের দিকে। কারণ ডালাসের এই স্টেডিয়ামে রোদ এড়াতে পুরো ছাদ বন্ধ করে দেওয়া যায়, পুরো স্টেডিয়ামে ক্লাইমেট কন্ট্রোলও করা যায়। তা হলে এখানে ওয়াটার ব্রেকের কী দরকার? ২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপের সময়ে ওয়াটার ব্রেক চালু করা হয়েছিল বিভিন্ন ম্যাচে প্রয়োজনের কথা ভেবে। এখানে সব ম্যাচেই তা চালু হয়ে যাওয়ায় ইউরোপের মিডিয়ার গরিষ্ঠ অংশ ক্ষুব্ধ। অভিযোগ, বিশ্বকাপ ফুটবলে চারটে ব্রেক চালু করা হয়েছে একটাই কারণে। যাতে আমেরিকার এনএফএল বা এনবিএ–র মতো কিছুক্ষণ অন্তর ব্রেকে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা লোটা যায়।
জাপানের এক ফুটবল লিখিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ফুটবল গতির খেলা। ক্লাইমেট কন্ট্রোল করা যায় যে স্টেডিয়ামে, সেখানেও তিন মিনিট করে ওয়াটার ব্রেক খেলাটার ছন্দই নষ্ট করে দিচ্ছে। টিভি দর্শকরা বিরক্ত হচ্ছেন। এটা পুরোপুরি আমেরিকান ব্রডকাস্টারদের খুশি করার জন্য করা হয়েছে, যাতে ওরা ডলার লুট করতে পারে।'
ইউএসএ মেয়েদের ফুটবল টিমের ম্যানেজার এমা হায়েসের কথায়, 'এটার দুটো দিক আছে। যখন আপনার টিম জিতছে, আপনি কখনোই ব্রেক চাইবেন না। কিন্তু টিম যখন হারছে, এই ব্রেক অপোনেন্টের মোমেন্টাম ব্রেক করতে আপনাকে সাহায্য করবে। সে জন্য এটাকে আমি বলি মোমেন্টাম ব্রেক। কখনও এটা পজি়টিভ, কখনও নেগেটিভ।'
এতেই শেষ নয়। ইংল্যান্ড ও আসের্নালের প্রাক্তন ফরোয়ার্ড ইয়ান রাইট স্পষ্ট বলছেন, 'সোজা কথা, এটা ম্যাচের মাঝখানে অ্যাড ঢুকিয়ে ডলার কামানোর আর একটা আমেরিকান ওয়ে। এর বেশি কিছু নয়।' আবার স্পেনের প্রথম ম্যাচের আগে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলছেন, 'আমি সব সময়েই আগে প্লেয়ারদের সুবিধের কথা ভাবি। তিন মিনিটের হাইড্রেশন ব্রেক হলে প্লেয়াররা দম ফেলার সুযোগ পাচ্ছে, ফ্রেশ হচ্ছে। খারাপ কেন হবে?'