এই সময়: টালিগঞ্জ স্টুডিয়োপাড়ায় গোলমাল ও অচলাবস্থার ব্যাপারে আদালত অবমাননা মামলার শুনানি ফের শুরু হলো কলকাতা হাইকোর্টে। কেসের অন্যতম বিবাদী পক্ষ, টলিপাড়ায় এক সময়ের ‘একনায়ক’, ফেডারেশন–কর্তা স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অবমাননার মামলাটি ওঠে।
আদালত জানতে চায় — বাংলায় ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি ঠিক ভাবে কাজ করতে পারছে কি। স্টুডিয়োপাড়ার অচলাবস্থা কাটাতে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর কী পদক্ষেপ করেছে—সে প্রশ্নও তোলে কোর্ট। কোর্টের কাছে বিস্তারিত রিপোর্টে এ সব জানাতে হবে দপ্তরের সচিবকে। পরবর্তী শুনানি ২০ জুলাই। পাশাপাশি, আদালত অবমাননার মামলায় জবাবও দিতে হবে তথ্যসংস্কৃতি দপ্তরের সচিবকে।
কাজ করতে পারছেন না, এই অভিযোগে বছর দুয়েক আগে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া–র বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেন স্টুডিয়োপাড়ার কলাকুশলীদের অনেকে। এঁদের মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যর মতো বিখ্যাতরাও ছিলেন। যদিও তৃণমূল আমলেই তাঁদের বড় অংশ মামলা তুলে নেন বলে অভিযোগ, এ নিয়ে সমালোচিতও হন।
মামলার সূত্রে তখনই বিভাগীয় সচিবকে শুনানি করে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল কোর্ট। তবে সেটা হয়নি। একাধিক বার কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু অর্ডারগুলি কার্যকরে রাজ্য সরকার আন্তরিক নয় বলে অভিযোগ জানানো হয় কোর্টে। মূল আবেদনকারীদের বেশির ভাগই পরে মামলা প্রত্যাহার করে নিলেও একজন পরিচালক আদালত অবমাননার কেসটি করেন। ওই মামলা পেন্ডিং রেখে টলিপাড়ায় কাজের পরিবেশ ফেরানোর চেষ্টা করেছিল কোর্ট।
যে ফেডারেশন নিয়ে এত বিতর্ক, এ দিন তাদের তরফে আইনজীবী জানান — মক্কেলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও জবাব পাচ্ছেন না তাঁরা। এর প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, তাঁরা কি জেলে আছেন? আইনজীবী জানান, প্রথম অভিযুক্তকে (স্বরূপ) গ্রেপ্তার করা হয়েছে। আদালত মামলাকারীদের কাছে জানতে চায়, প্রথমে ১৪ জন আবেদনকারী থাকলেও এখন কত জন আছেন। পরবর্তী শুনানিতে সেই তথ্যও জানাতে হবে।