বাংলায় চালু হচ্ছে পিএম সূর্য ঘর যোজনা, মাসে মাসে ৩০০ ইউনিট Free বিদ্যুৎ, কারা পাবেন সুবিধা
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের মাঝে, কেন্দ্রীয় সরকারের 'পিএম সূর্য ঘর অর্থাৎ মোদি সরকারের বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প' লক্ষ লক্ষ পরিবারের জন্য এক বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রকল্পের অধীনে, বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
এই প্রকল্পে সরকার শুধু ভর্তুকিই দেয় না, সাশ্রয়ী ঋণেরও ব্যবস্থা করে দেয়। এছাড়াও, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন উপার্জনের সুযোগও তৈরি করে দেয়। সরকার। ছাদে সৌর প্যানেল স্থাপন করে উপযুক্ত ব্যক্তি বিনামূল্যে সারা বছর চালিয়ে যেতে পারেন বিদ্যুৎ খরচ! আছে বাড়তি লাভের সুযোগ!
পিএম সূর্য ঘর: বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প কী?
২০২৪ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের একটি প্রধান সৌরশক্তি প্রকল্প। এর উদ্দেশ্য হল সারা দেশে ১ কোটি বাড়িতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা এবং পরিবেশবান্ধব শক্তির ব্যবহারকে আরও উৎসাহিত করা।
এই প্রকল্পের অধীনে, যোগ্য পরিবারগুলি তাদের ছাদে সোলার প্যানেল স্থাপন করে মাসিক বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। সরকার বিশ্বাস করে যে এটি বিদ্যুতের উপর নির্ভরতা কমাবে এবং পরিবারগুলির মাসিক খরচ ম্যাজিকের মতো কমিয়ে দিতে পারে।
২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত, এই প্রকল্পের অধীনে ২৬ লক্ষেরও বেশি রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এবার রাজ্যের বিজেপি সরকার বাংলাতেও চালু করতে চলেছে এই প্রকল্প। কেন্দ্রের একগুচ্ছ প্রকল্পের সঙ্গে সঙ্গে পিএম সূর্য ঘর প্রকল্পের লাভ পেতে চলেছেন রাজ্যের মানুষ। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই জনকল্যাণ শিবিরগুলোতে এই নিয়ে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। তার আগে জেনে নিন এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, কী কী শর্ত রয়েছে আবেদনের ক্ষেত্রে? আপনি কি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য?
কমবে বিদ্যুৎ বিল:এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল বিদ্যুৎ বিল হ্রাস। সোলার প্যানেল আপনার বাড়ির জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আপনার মাসিক বিল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে, গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রায় শূন্যে নেমে আসতে পারে। যেসব পরিবারের মাসিক বিদ্যুৎ ব্যবহার ৩০০ ইউনিট বা তার কম, তারা এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। এই কারণেই দেশ জুড়ে এই প্রকল্পের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।
সরকার ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে।এই প্রকল্পের অধীনে, সৌর সিস্টেম স্থাপনের খরচ কমানোর জন্য কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। ২ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতার সিস্টেমের জন্য মোট খরচের ৬০ শতাংশ পর্যন্ত এবং অতিরিক্ত ২ থেকে ৩ কিলোওয়াটের জন্য ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।
৩ কিলোওয়াট ক্ষমতার সিস্টেমের জন্য সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। সরকারের মতে, প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে হাজার হাজার কোটি টাকার ভর্তুকি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ইতিমধ্যেই।
আরও বিদ্যুৎ উৎপাদন করুন, আরও আয়ও করুন:এই প্রকল্পটি শুধু বিদ্যুৎ সাশ্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। যদি কোনও বাড়ির সোলার সিস্টেম প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে, তবে সেই অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে গ্রিডে পাঠানো যেতে পারে।
এটি গ্রাহককে অর্থনৈতিক সুবিধা প্রদান করে। এছাড়াও, ৩ কিলোওয়াট পর্যন্ত সোলার সিস্টেমের জন্য প্রায় ৭ শতাংশ সুদের হারে জামানতবিহীন ঋণও পাওয়া যায়। এটি আপনার সোলার প্যানেল বসানোর প্রাথমিক খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
কারা আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়াটি কী?
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাদের এমন একটি বাড়ি থাকতে হবে যার ছাদে সোলার প্যানেল বসানো সম্ভব এবং একটি বৈধ বিদ্যুৎ সংযোগও থাকতে হবে।
কী ভাবে করবেন আবেদন?
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। আগ্রহী ব্যক্তিরা তাদের রাজ্য, ডিসকম, গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে জাতীয় পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন। ডিসকমের অনুমোদন পাওয়ার পর, একজন রেজিস্টার্ড বিক্রেতার কাছ থেকে সোলার সিস্টেমটি স্থাপন করা যেতে পারে।
পরিদর্শন এবং নেট মিটারিংয়ের পর, ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সরকারের দাবি, যাচাইকরণের পর সাধারণত ১৫ দিনের মধ্যেই ভর্তুকির টাকা দেওয়া হয়।