টেলিগ্রামের স্ক্রিনশটই ছিল NEET-এর প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রথম প্রমাণ। পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার বড় পদক্ষেপ সরকারের। ২১ জুন, ফের NEET পরীক্ষা হওয়ার আগে প্রশ্নের নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। তাই পরীক্ষার প্রশ্নপত্রের সুরক্ষায় সেনাবাহিনীকে মোতায়নের পরে, এ বার তা ফাঁসের ঝুঁকি ঠেকাতে গোটা দেশে আপাতত টেলিগ্রাম অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়, আপাতত গোটা দেশে ব্যান করা হচ্ছে টেলিগ্রাম অ্যাপকে। ২১ জুন পুনরায় NEET PG হওয়ার কথা। পরীক্ষার পরের দিন অর্থাৎ ২২ জুন পর্যন্ত গোটা দেশে নিষ্ক্রিয় থাকবে এই অ্যাপ।
গত ৩ মে হওয়া NEET-UG পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তে জানা গিয়েছে যে, টেলিগ্রামের মাধ্যমেই ছড়িয়েছিল পরীক্ষার প্রশ্ন। কয়েকটি গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে রীতিমতো কেনাবেচা চলে NEET-UG-এর প্রশ্নপত্র। সেই র্যাকেটকে রুখতেই যোগাযোগের মাধ্যম বন্ধে এই পদক্ষেপ কেন্দ্রের। এ ছাড়া অভিযোগ, সম্প্রতি নতুন করে বেশ কয়েকটি টেলিগ্রাম গ্রুপে NEET-এর ২১ জুনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা চলছিল। বহু ক্ষেত্রে ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারকে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল যে, টাকার বিনিময়ে আগাম প্রশ্ন পাওয়া যাবে। সেই প্রতারণার ছক বানচাল করতেই আপাতত কোপ টেলিগ্রামে।
NTA এক বিবৃতিতে জানিয়েছে, NEET-এর প্রশ্নপত্র পরীক্ষার আগে বাইরে থাকার কোনও সুযোগ নেই। সংস্থার দাবি, যেসব টেলিগ্রাম চ্যানেল প্রশ্ন বিক্রি বা ফাঁসের দাবি করছে, সেগুলি পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এ ছাড়াও, রিপোর্ট অনুযায়ী শুধু অ্যাপ ব্লক করাই নয়— Telegram–কে কিছু অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপও করতে বলা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত মেসেজ এডিটের (message editing) সুবিধাও বন্ধ রাখার, যাতে পুরোনো বার্তা বদলে প্রশ্নফাঁসের ভুয়ো প্রমাণ তৈরি না করা যায়।
প্রসঙ্গত, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২১ জুনের পরীক্ষা স্বচ্ছ ও নিশ্ছিদ্র করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। প্রশ্নপত্র পরিবহণ এবং ওএমআর শিট (OMR Sheets) সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনার জন্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (CISF)-এর জওয়ানদের দিয়ে একটি অত্যন্ত সুসংহত ‘দ্বিস্তরীয় নিরাপত্তা বলয়’ (Two-layer security cover) তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, হায়দরাবাদ ও আমদাবাদে থাকা হাব থেকে আকাশ ও সড়কপথে দেশের প্রায় ৫৫১টি শহরে পাঠানো হবে NEET-এর পরীক্ষা সামগ্রী। আকাশপথে পরিবহণের দায়িত্বে রয়েছে বায়ুসেনা (IAF)।