সিন্ধু সভ্যতার চেনা ছবি বলতে নৃত্যরত নারীমূর্তির যে ছবি ভেসে ওঠে,এনসিইআরটি-র নবম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ে সেই অনাবৃত নারীমূর্তির ঊর্ধ্বাঙ্গ মুড়ে দেওয়া হয়েছিল কালো কাপড়ে। তা নিয়ে সোমবার দিনভর বিতর্কের পরে পিছু হটল এনসিইআরটি। সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, পাঠ্যবইয়ে আগে যে ভাবে অনাবৃত নারীমূর্তির ছবি ছিল, তেমনই থাকবে। সেই ছবিতে কোনও বদল ঘটবে না বলেই জানিয়েছে এনসিইআরটি।
নারীমূর্তির ছবিতে বদলের বিষয়টি সোমবারই প্রকাশ্যে আসে। দেখা যায়, ‘মধুরিমা’ নামের ইতিহাস বইটিতে মূল মূর্তির বদলে রয়েছে নতুন অবয়ব। তার পরেই প্রশ্ন ওঠে, ইতিহাসের এত গুরুত্বপূর্ণ নারীমূর্তির ছবিকে কেন এ ভাবে বিকৃত করা হলো? এনসিইআরটি-র প্রাক্তন কর্তা মাইকেল ড্যানিনো জানিয়েছিলেন, ওই নারীমূর্তির ‘নগ্ন’ ছবিটি ছোটদের দেখানো উচিত নয়। এনসিইআরটি-র অধিকর্তা দীনেশ সাকলানির অবশ্য বক্তব্য, ‘কোনও নির্দিষ্ট কারণ আছে বলে আমার মনে হয় না।’
বিষয়টি নিয়ে জোর বিতর্ক শুরু হয়। এনসিইআরটি-র কাছে এ ব্যাপারে রিপোর্টও তলব করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পাশাপাশি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও বলা হয়। তার পরেই ছবি বদলের সিদ্ধান্ত থেকে সরে আসে এনসিইআরটি। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ওই স্বশাসিত সংস্থা জানিয়েছে, এনসিইআরটি-র ডিজিটাল বইয়ে অবিলম্বে নারীমূর্তির আগের ছবিই ব্যবহার করা হবে। তবে ছাপানো বইয়ে এই বদল লক্ষ করা যাবে সামনের শিক্ষাবর্ষ থেকে। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-কে এনসিইআরটি-র এক আধিকারিক বলেছেন, ‘বিষয়টি কলা বিভাগ এবং টেক্সটবুক কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল। তার পরেই আগের ছবি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’