ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৪ মে ভোটের ফল প্রকাশের পরে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ তুলে অভিষেকের নামে প্রথমে বাগুইআটি থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। এ নিয়ে আরও একটি অভিযোগ হয় শিলিগুড়িতেও। তদন্তভার নেয় সিআইডি। অভিষেককে নোটিস দিয়ে তলব করা হয় আজ, মঙ্গলবার। ১২টায় ভবানী ভবনে আসতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগেই সেখানে পৌঁছন তিনি।
ভবানী ভবনে ঢুকে আইকার্ড নিয়ে রিসেপশনে যান অভিষেক। নির্দিষ্ট খাতায় সই করেন। তার পরে ভিতরে ঢুকে যান। এ দিন কড়া নিরাপত্তায় মোড়া ছিল ভবানী ভবন চত্বর। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ ছিল সিআইডির অফিসে ঢোকার গেট।
এই নিয়ে পর পর তিন দিন পৃথক তিন মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন অভিষেক। রবিবার এসেছিলেন ভবানী ভবনে। বিধানসভায় সই বিতর্ক মামলায় সে দিন ৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় ১১ ঘণ্টা পরে সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়। আজ, মঙ্গলবার ফের ভবানী ভবনে অভিষেক। ভোটের আগে প্রচারে গিয়ে অভিষেক ডিজে বাজানো নিয়ে যা বলেছিলেন, তা উস্কানিমূলক বলে অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ হয়। তারই তদন্ত করছে সিআইডি।