• তৃণমূলের প্রাক্তন বিধায়কের ভাড়াবাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ় বিজেপির
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর ভাড়াবাড়ি থেকে সরকারি ত্রাণ লুটপাটের অভিযোগ উঠেছে। সেই সময়ে স্থানীয় বিজেপি-র চার নেতা ঘটনাস্থলে উপস্থিত থাকার অভিযোগ ওঠায় তাঁদের শোকজ় করা হলো। বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, তাঁরা তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাঁদের দল থেকে বহিষ্কারও করা হতে পারে।

    সম্প্রতি সিউড়ির সাজানো পল্লিতে বিকাশের ভাড়াবাড়ির তালা ভেঙে ত্রাণের ত্রিপল, কম্বল উদ্ধারের অভিযোগ উঠেছিল বেশ কয়েক জনের বিরুদ্ধে। অভিযোগ, সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি-র ওই চার নেতা। পরে বিকাশ জানান, তিনি নিজেই জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে ত্রাণের কিছু সামগ্রী পড়ে রয়েছে। অবিলম্বে সেই সব জিনিস নিয়ে যাওয়ার অনুরোধও করেছিলেন বিকাশ। ঘটনাচক্রে, তার পরেই প্রাক্তন বিধায়কের ভাড়াবাড়ির তালা ভেঙে ত্রাণসামগ্রী লুটপাটের চেষ্টা হয় বলে অভিযোগ।

    যদিও বিজেপির কোন চার নেতাকে শোকজ় করা হয়েছে, তা স্পষ্ট নয়। বিজেপির তরফেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারি বলেন, ‘বিজেপি একটি সুশৃঙ্খল দল। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। দীর্ঘ লড়াইয়ের পরে আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি। আমরা এমন কোনও কাজ করব না, যাতে সাধারণ মানুষের চোখে খারাপ হয়ে যাই। বিজেপির চার নেতার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। তাই শোকজ় করা হয়েছে। তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দল থেকে বহিষ্কারও করা হতে পারে।’

  • Link to this news (এই সময়)