আমবাগানে ওঁত পেতে ছিল মহাবিপদ, গোলাকার বস্তু ব্যাগে তুলতেই বিকট শব্দে ছিটকে গেল তিন পড়ুয়া
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল তিন শিশু। আম ভেবে গোলাকার একটি বস্তু ব্যাগে তুলতেই ঘটে প্রবল বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম হয় তিনজনই। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্নবিঘা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের তিন শিশু বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগানে আম কুড়োতে গিয়েছিল। অভিযোগ, সেখানে পড়ে থাকা একটি গোলাকার বস্তু আম ভেবে ব্যাগে তুলতে গেলে সেটি আচমকাই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয় তিন শিশু। আহতদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র দ্বীপ রায়ের অবস্থা সবচেয়ে সংকটজনক বলে জানা গিয়েছে। তাকে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্বীপের বাবা মঙ্গল রায় পেশায় টোটোচালক। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলের কাছেই জমি ব্যবসায়ীদের একটি অফিস রয়েছে। পাশাপাশি ওই আমবাগানে নিয়মিত জুয়া-সহ নানা অসামাজিক কার্যকলাপ চলত বলেও দাবি করেন তারা। কারা সেখানে বোমা মজুদ করে রেখেছিল, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সান্তনা বসাক বলেন, “তিনজন শিশু আম কুড়োতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে।
গ্রাম থেকে খুব কাছেই বাগানটি অবস্থিত। প্রতিদিন বহু ছেলে-মেয়ে সেখানে খেলাধুলা করে। কারা সেখানে বোমা রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।” ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল ও দেশলাই উদ্ধার হয়েছে। এলাকায় আরও কোনও বিস্ফোরক মজুদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।