• আলিপুরদুয়ার-কোচবিহার নিয়ে নতুন ট্যুরিজম সার্কিটের প্ল্যান, ঢেলে সাজানো হবে এলাকা
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • উত্তরবঙ্গের পর্যটনে আসতে চলেছে নতুন চমক। ডুয়ার্স ঘুরে আর বাড়ি ফেরার পরিকল্পনা করতে হবে না। সঙ্গে আরও দুটো দিন মজা করা যাবে। শুরু হয়েছে তেমনই পরিকল্পনা। আলিপুরদুয়ার আর কোচবিহারের একাধিক ট্যুরিস্ট স্পটকে এক সুতোয় বেঁধে ট্যুরিজম সার্কিট তৈরির পরিকল্পনা।

    আলিপুরদুয়ারের বিখ্যাত বোট সাফারি স্পট সিকিয়াঝোরা পরিদর্শনে এসে এই মাস্টারপ্ল্যানের কথা ঘোষণা করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। চা বাগান আর পর্যটন, এই দুইয়ের মেলবন্ধনেই ডুয়ার্সের অর্থনীতি চাঙ্গা করতে চাইছে প্রশাসন। শুধু বড় বড় জঙ্গল নয়, সিকিয়াঝোরার মতো ছোট কিন্তু স্পটের খোলনলচে বদলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    আর এই কাজে বনমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষও। খুব শিগগিরই পরিবেশপ্রেমী, বন দফতর ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক হবে বলেও খবর। পর্যটনমন্ত্রী নিজে বনমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে উৎসাহ প্রকাশ করেছেন। যা যা করণীয়, তা করার আশ্বাসও পাওয়া গিয়েছে।

    সিকিয়াঝোরাতে এসে মনোজবাবু নিজে নৌকাবিহারে মেতে ওঠেন। মন্ত্রীকে হাতের কাছে পেয়ে এলাকার মানুষ আপ্লুত। মন্ত্রীর কাছে রাস্তাঘাট ঠিক করা, পরিশ্রুত পানীয় জল, নতুন ওয়াচটাওয়ার সহ একাধিক আর্জি জানান। স্থানীয়দের দাবি, এই সার্কিট চালু হলে শুধু পর্যটকদের ভিড় বাড়বে না, ডুয়ার্সের ঘরে ঘরে নতুন কর্মসংস্থান আর রোজগারের নতুন রাস্তাও খুলে যাবে।
  • Link to this news (News18 বাংলা)