কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ে দুই জন। সেই ঘটনায় সোমবার রাতেই কালীঘাট থানায় দিয়ে অভিযোগ দায়ের করেছিলেন কুণাল। তারপরে মঙ্গলবার দুই অভিযুক্ত চন্দন ও রবিকে গ্রেপ্তার করল কালীঘাট থানার পুলিশ। ডিম ছোড়ার পরে সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলেছিলেন চন্দন। তাঁর দাবি ছিল, কুণাল ঘোষ বহু লোককে অত্যাচার করেছিলেন, সেই কারণেই ডিম ছুড়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ অভিযোগ করেছেন, যিনি ডিম ছুড়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানার সময়ে পুলিশের সাক্ষী ছিলেন। সিজ়ার লিস্টেও এই ব্যক্তির সই ছিল বলে অভিযোগ কুণালের।
সোমবারই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে যখন হামলা হয়েছিল, সেই সময়ে তিনি বিরোধিতা করেছিলেন। এই ডিম হামলায় তিনি ভয় পাচ্ছেন না বলে দাবি তাঁর।