• মৌড়িগ্রাম স্টেশনে কুপিয়ে খুন, ছুরি হাতে প্ল্যাটফর্মে ছুট আততায়ীর
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ। যাত্রীরা আততায়ীকে ধাওয়া করলে ছুরি ঘোরাতে ঘোরাতে সে প্ল্যাটফর্ম ধরে দৌড়তে শুরু করে বলেও অভিযোগ। মঙ্গলবার দুপুরে শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে। যদিও শেষমেশ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের মৌড়িগ্রাম স্টেশনে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। টেন্ডার নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে। তবে দিনে দুপুরে প্রকাশ্যে প্ল্যাটফর্মের মধ্যে এ ভাবে কোপ মারার ঘটনায় তাজ্জব হয়ে যান স্টেশনে থাকা যাত্রীরা। পৌঁছয় শালিমার জিআরপি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন দুপুর ১২টা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। প্ল্যাটফর্মে যে শৌচালয় রয়েছে, তার সামনে এক ব্যক্তি ছুরি নিয়ে অন্য জনের উপরে হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি আঘাতে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

    যাত্রীদের একাংশের অভিযোগ, মৌড়িগ্রাম স্টেশন এখন পার্কের মতো হয়ে গিয়েছে। কে কোথা থেকে এসে বসে থাকেন, কোনও হিসেব নেই। নজরদারিরও অভাব রয়েছে বলে অভিযোগ কারও কারও।

    জগন্নাথ সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ প্ল্যাটফর্মে ছুরি মারার ঘটনা ঘটে। এর পরেই লোকজন ধাওয়া করলে অভিযুক্ত যুবক ছুরি উঁচিয়ে প্ল্যাটফর্ম ধরে ছুটতে থাকেন। লোকজন ভয় পেয়ে যান। তার পরে পাবলিকই ধরে পুলিশের হাতে তুলে দেয়। আমাদের এলাকা শান্ত। এটাকে বিক্ষিপ্ত ঘটনা বলেই ধরছি।’ তবে প্রশাসনকেও আরও সতর্ক থাকতে হবে।

    সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। জিআরপি দেহ উদ্ধার করে নিয়ে যায়। আততায়ীকে অস্ত্র-সহ পাকড়াও করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্টেশনের শৌচালয়ের টেন্ডারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আগে অভিযুক্ত ওই শৌচালয়ের টেন্ডার পেতেন। কিন্তু এ বার টেন্ডার পান দ্বিতীয় ব্যক্তি। সেই কারণেই শত্রুতার জেরে এই হামলা ও খুন বলে মনে করছেন তদন্তকারীরা।

    ঘটনার জেরে মৌড়িগ্রাম স্টেশনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)