অভিষেককে যখন জেরা করছে ইডি, তখনই মেল এল দিল্লি থেকে
আজকাল | ১৬ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রবিবার অভিষেক ব্যানার্জি চিঠি দিয়েছিলেন লোকসভার স্পিকারকে। সেই চিঠি স্পিকারের কাছে পৌঁছে দেন সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। ঠিক তার পরের দিন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করে ইডি। যখন অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখনই মেল আসে দিল্লি থেকে। যেভাবে ঘটেছে ঘটনাবলী-
দুপুর ২টায় স্পিকারের কার্যালয় থেকে অভিষেক ব্যানার্জিকে একটি চিঠি পাঠানো হয়।
দুপুর ২টা ১০ মিনিটে স্পিকারের কার্যালয় থেকে কীর্তি আজাদকে ফোন করে জানতে চাওয়া হয় যে, অভিষেক ব্যানার্জি বিকেল ৪টার মধ্যে এসে দেখা করতে পারবেন কি না।
এরপরই কীর্তি আজাদ একটি মেল পাঠান।
কীর্তি আজাদ বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকারের সঙ্গে দেখা করেন।
অন্যদিকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, বাড়ি ফেরেন অভিষেক।
কীর্তি আজাদ মেলে লিখেছেন- 'আপনার অফিস থেকে আমি এইমাত্র একটি ফোন পেলাম যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভায় দলের ফ্লোর লিডার অভিষেক ব্যানার্জির কাছে একটি মেল পাঠানো হয়েছে। এই খবর পাওয়ার পর আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভায় দলের ফ্লোর লিডার ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে যোগাযোগ করি।
তিনি আমাকে জানিয়েছেন যে, অভিষেক ব্যানার্জি—যিনি সমস্ত তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ—বর্তমানে কলকাতার সিজিও (CGO) কমপ্লেক্সে ইডি (ED)-র অফিসে তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করছেন। সকাল ১১টায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এই বার্তাটি লেখার সময়ও তা চলছে।
বিষয়টি সকলেই জানেন।
এই পরিস্থিতিতে তাঁর পক্ষে মেল দেখা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হলে, আপনার পাঠানো ইমেলটির বিষয়ে আমরা তাঁকে জানাব।'