আজকাল ওয়েবডেস্ক: ফের বিস্ফোরণের বলি শৈশব। আম কুড়োতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম তিন শিশু। তাদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে ওই শিশু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার সকালে ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের তিন শিশু বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগানে আম কুড়োতে গিয়েছিল। অভিযোগ, সেখানে পড়ে থাকা একটি বোমাকে আম ভেবে ব্যাগে তুলতে যায় তারা। সেই সময় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় তিন শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সপ্তম শ্রেণির এক ছাত্রের অবস্থা সংঙ্কজনক।
জানা গিয়েছে, গুরুতর জখম শিশুর বাবা পেশায় টোটোচালক। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, জনবসতির এত কাছে কীভাবে বোমা মজুত ছিল? শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কোথা থেকে বোমাটি এল এবং এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।