• ডায়মন্ড হারবারে এ কী করছেন বিজেপি নেতা!
    আজকাল | ১৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একসময় রাজ্যজুড়ে তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল ‘দুয়ারে সরকার’ শিবির। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে সেই উদ্যোগ রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই একই ধাঁচে বিজেপি সরকারের উদ্যোগে শুরু হয়েছে ‘জনকল্যাণ শিবির’। 

    সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার, ১৫ জুন থেকে শুরু হয়েছে এই বিশেষ শিবির, যা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

    রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে মোট ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া থেকে শুরু করে ফর্ম ফিলআপ, তথ্য সংশোধন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এই শিবিরগুলিতে।

    ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষা এলাকায়ও অনুষ্ঠিত হচ্ছে এই জনকল্যাণ শিবির। সোমবার শিবির পরিদর্শনে যান ডায়মন্ড হারবার বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি উত্তম বাগ। তিনি শিবির ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা পেতে কোনও অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ নেন।

    এই শিবিরে আধার এনরোলমেন্টের জন্য বিশেষ কাউন্টার রাখা হয়েছে। পাশাপাশি আধার সিডিং এবং নাগরিকত্ব সংক্রান্ত সিএএ আবেদন সম্পর্কিত পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের ব্যাঙ্কিং সুবিধার কথা মাথায় রেখে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

    অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে, যেখানে নারী ও শিশুকল্যাণ দপ্তরের কর্মীরা আবেদনকারীদের ফর্ম পূরণে সাহায্য করছেন। এছাড়াও আয়ুষ্মান যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, খাদ্য সুরক্ষা যোজনা এবং পিএম উজ্জ্বলা যোজনার সুবিধা সম্পর্কেও তথ্য ও আবেদন গ্রহণ করা হচ্ছে।

    কৃষকদের জন্য রাখা হয়েছে পিএম কিষান সম্মান নিধি, কৃষাণ ক্রেডিট কার্ড এবং কৃষি অবকাঠামো সংক্রান্ত প্রকল্পের সুবিধা। পাশাপাশি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো ভবিষ্যৎ সুরক্ষা প্রকল্পেও আবেদন করার সুযোগ থাকছে।

    এদিন শিবির পরিদর্শনে এসে বিজেপি নেতা উত্তম বাগ বলেন, “রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর জন্য যে প্রকল্পগুলির ঘোষণা করেছেন, সেই প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই আগামী তিন দিন এই জনকল্যাণ শিবির চলবে। এলাকাবাসীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে আমরা নজর রাখছি। ফর্ম ফিলআপ থেকে শুরু করে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”

    তিন দিনব্যাপী এই শিবির ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যেও বিপুল আগ্রহ দেখা গিয়েছে। বহু মানুষ সকাল থেকেই শিবিরে এসে বিভিন্ন প্রকল্পের বিষয়ে তথ্য সংগ্রহ ও আবেদন জমা দিতে ভিড় করেন।
  • Link to this news (আজকাল)