আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ-পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনে মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।
গুরুতর জখম অবস্থায় প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর প্রায় ১২টা নাগাদ প্ল্যাটফর্মের শৌচালয়ের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি আচমকাই ছুরি হাতে অপর এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েন এবং পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি।
হামলার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। হাতেনাতে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ।
খবর পেয়ে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে অস্ত্র-সহ আটক করে। পুলিশের প্রাথমিক অনুমান, স্টেশনের শৌচালয়ের টেন্ডারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি আগে শৌচালয়ের টেন্ডার পেয়েছিলেন। তবে সাম্প্রতিক টেন্ডারে নিহত ব্যক্তি বরাত পাওয়ায় দুই পক্ষের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
ঘটনার জেরে স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।