আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধের মুখে, কালীঘাটে, মমতা ব্যানার্জির বাড়ির ঠিক সামনে, আক্রান্ত কুণাল ঘোষ। মমতা ব্যানার্জির বাড়ির বাইরে পা দিতেই, বেলেঘাটার বিধায়কের মাথায় ডিম ছুড়ে মারেন জনৈক এক ব্যক্তি।
এই ঘটনার পর সোমবার রাতেই কুণাল থানায় ওই ব্যক্তির নামে এফআইআর দায়ের করেছেন। তবে মঙ্গলবার সকালে ফের ডিম ছোঁড়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কুণাল। সাফ জানিয়ে দিলেন, তিনি একাই ঠিক আছেন। কারোর কোনও সমর্থন তাঁর দরকার নেই।
যাঁর বিরুদ্ধে ডিম ছোঁড়ার অভিযোগ উঠেছে, তাঁকে উদ্দেশ্য করে কুণাল এদিন লেখেন, ‘নিরস্ত্র, নিরাপত্তাহীন, একা দাঁড়িয়ে ছিলাম মিডিয়ার অনুরোধে। দৃষ্টি ক্যামেরায়। সেই সুযোগে ডিম ছুঁড়ে গেছে, এত বড় বীর!! পুলিশ দর্শক। তার পরেও ওখান দিয়ে হেঁটে বেরিয়েছি। রাতে একা থানায় গেছি। অ.সভ্যগুলো হাজির হলেও পাত্তা দিইনি। বাকিটাও বুঝে নেব।’
বেলেঘাটার বিধায়ক এদিন জানান, এই ধরনের রাজনীতিকে কখনোই তিনি সমর্থন করেননি। অতীতের উদাহরণ টেনে লেখেন, ‘2021-এও একাধিক বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছি। সজল ঘোষের বাড়ির দরজা যেদিন ভেঙেছে বা কৌস্তুভ বাগচীকে ভোররাতে বাড়িতে হেনস্থা করেছে, তৃণমূল মুখপাত্র হয়েও পোস্ট করে প্রকাশ্য প্রতিবাদ জানিয়ে নিজের লোকদের ভর্ৎসনা শুনেছি। কারণ আমি মনে করেছিলাম ওগুলো ঠিক হয়নি। আমি আমার মত চলি।’
তিনি সাফ জানিয়ে দেন, যাই হয়ে যাক না কেন তিনি বদলাবেন না। পোস্টের শেষে কুণাল লেখেন, ‘আমার উপর হামলার চেষ্টা হল। আরও হবে। আমি ভয় পাই না। এক, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ব। তবে বেলেঘাটার মানুষের পরিষেবায় সরকারের সঙ্গে প্রশাসনিক যোগাযোগ থাকবে। দুই, আমার দলের মধ্যে ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করব। বড়জোর আমার মৃতদেহ পড়ে থাকবে। কিন্তু আমি বদলাবো না।’
সোমবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। সাড়ে ছ’টা নাগাদ তিনি বেরোন মমতার বাড়ি থেকে। ঠিক সেই সময়েই, এক যুবক কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়েন।
বেলেঘাটার বিধায়কের মাথা লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, ‘এইসব করে থামানো যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, সারা বাংলা এবং আপনার কেন্দ্র, প্রশ্রয় দেবেন না।’
সঙ্গেই বলেন, ‘একটা লোক, রাস্তায়, নিরস্ত্র, সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। এদের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই, কোনও উত্তেজনা নেই, জনরোষের কোনও সম্পর্ক নেই।’
সঙ্গেই তিনি বলেন, তাঁর এলাকায়, ওই নির্দিষ্ট এলাকার বহু মানুষ তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কুণাল তাঁদের নিষেধ করেছেন। বলেন, ‘আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক। আমি মার খেতেই যাচ্ছি। আমি ওইখান দিয়েই যাব।’