একেবারে অব্যর্থ নিশানা! TMC যুবনেতা পুলিশের গাড়ি পর্যন্ত যেতে যেতেই ডিমের বৃষ্টি, VIDEO VIRAL
আজ তক | ১৬ জুন ২০২৬
তৃণমূল কংগ্রেসের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া চলছে জেলায় জেলায়। এবার ডিম থেরাপির শিকার হলেন রানিগঞ্জে তৃণমূলের এক যুবনেতা। একটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবনেতাকে। পুলিশ ভ্যানে ওঠার জন্য বাড়ি থেকে বেরতেই একের পর এক ডিম উড়ে এল সৌমিত্রকে লক্ষ্য করে। পুলিশের ভ্যান পর্যন্ত পৌঁছনোর আগে মোটামুটি ডিমে স্নান সেরে ফেলেছেন ওই তৃণমূল নেতা।
একের পর এক কাঁচা ডিম উড়ে এল
সোমবার রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ একটি পুরনো মামলায় তৃণমূল নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। এই গ্রেফতারিকে ঘিরে মঙ্গলবার থানার সামনে বিজেপি কর্মীরা অভিনব প্রতিবাদে সামিল হন, যার নাম দেওয়া হয় ‘এগ থেরাপি’। প্রতিবাদকারীরা ডিম ছুড়ে বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, বিজেপি নেতা রবি কেশরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করে। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির একটি কর্মসূচির সময় তৃণমূল সমর্থকরা হামলা চালিয়েছিল। বিজেপির দাবি, ওই হামলায় একাধিক কর্মী আহত হন এবং তাঁদের প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছিল। সেই মামলায় সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছে।
হামলা ও খুনের চেষ্টার অভিযোগ
বিজেপি নেতা রবি কেশরীর অভিযোগ, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতীতেও একাধিকবার বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। এমনকী নির্বাচনের সময় রানিগঞ্জ গার্লস কলেজে ঘটে যাওয়া হিংসার ঘটনাতেও তাঁর ভূমিকা ছিল বলে দাবি বিজেপির। এই অভিযোগের সমর্থনে ভিডিও ফুটেজ থাকার কথাও জানিয়েছে দলটি।
একাধিক দুর্নীতিতে অভিযুক্ত
বিজেপির আরও অভিযোগ, রাজনৈতিক হিংসার পাশাপাশি সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীরা অবৈধ বালি ও কয়লা ব্যবসা, কলেজে টাকার বিনিময়ে ভর্তি করানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা ছড়ানোর সঙ্গে যুক্ত। দলের দাবি, আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং আগামী দিনে এই ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
অন্যদিকে, সৌমিত্র বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন ও বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। ছাত্র রাজনীতির সময়ে কিছু বিতর্কিত মন্তব্য করে থাকতে পারেন বলে স্বীকার করলেও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে।