• প্রেসক্রিপশন ছাড়া আর কেনা যাবে না কাশির সিরাপ! নয়া নির্দেশ কেন্দ্রের
    প্রতিদিন | ১৬ জুন ২০২৬
  • এবার থেকে কাশির সিরাপ তথা কাফ সিরাপ কিনতে গেলে অবশ্যই দেখাতে হবে প্রেসক্রিপশন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি পেশ করে এই নির্দেশ দেওয়া হয়েছে। ড্রাগ আইন, ১৯৪৫-এর নতুন সংশোধনীর মাধ্যমে এই নিয়ম বলবৎ করা হয়েছে।

    প্রসঙ্গত, কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ ব্যবহারের ফলে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছিল দেশে। তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ওই ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

    তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল বিভাগের একটি পরীক্ষায় ধরা পড়ে, এই কাশির সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ‘ডাইথিলিন গ্লাইকল’ ও ইথিলিন গ্লাইকল নামের বিশেষ রাসায়নিক, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সব মিলিয়ে গোটা ঘটনায় সাধারণভাবে ব্যহহৃত তরল ওষুধ নিয়ে প্রশ্ন ওঠে। সিরাপ জাতীয় ওষুধের উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কঠোর তদারকি ও অধিকতর কড়াকড়ি পরীক্ষার দাবি নতুন করে জোরালো হয়ে ওঠে। এই পরিস্থিতিতে এবার এই পদক্ষেপ করল কেন্দ্র।

    সূত্রানুসারে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেই সময় একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে। কফ সিরাপের যথেচ্ছ ব্যবহার রোধ এবং তার গুণমান যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। 

    বলে রাখা ভালো, কাশির সিরাপকে নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করার প্রবণতাও রয়েছে। এই অপব্যবহার রোধ করতে ভারত ও বাংলাদেশে কোডিন যুক্ত কাশির সিরাপ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে আগেই। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যেকোনও ধরনের কাশির সিরাপ কেনা বা খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে আগেই। এবার কেন্দ্র জানিয়ে দিল, প্রেসক্রিপশন ছাড়া কেনাই যাবে না কাশির সিরাপ।
  • Link to this news (প্রতিদিন)