বদ্রীনাথে তলোয়ার হাতে স্থানীয়দের সঙ্গে খণ্ডযুদ্ধ শিখ পুণ্যার্থীদের! আহত বহু, স্থগিত তীর্থযাত্রা
প্রতিদিন | ১৬ জুন ২০২৬
চারধাম যাত্রায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শিখ পুণ্যার্থীদের। বচসার জেরে তলোয়ার হাতে স্থানীয়দের উপর হামলা শিখ পুণ্যার্থীদের। খণ্ডযুদ্ধের জেরে আহত হয়েছেন অন্তত ৮ জন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। ঘটনার জেরে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় বন্দ্রীনাথ যাত্রা। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় যানজট তৈরি হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বদ্রীনাথ হাইওয়েতে যানচলাচল স্বাভাবিক ছিল। সকাল ১০টা নাগাদ হেমকুন্ড দর্শন শেষে কর্ণপ্রয়াগে থামেন চারজন শিখ তীর্থযাত্রী। সেখানে হোটেলে বাইক পার্কিং নিয়ে হোটেল মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁদের। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি গুরুতর আকার নেয়। কথা কাটাকাটির সময় হোটেল মালিকের ছেলের উপর তলোয়ার নিয়ে হামলা চালান এক শিখ যুবক। হামলার জেরে তাঁর মাথা, কোমর ও হাত গুরুতর জখম হয়।
হামলার পর পুণ্যার্থীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁদের ধরে ফেলে। এই পরিস্থিতিতে তলোয়ার নিয়ে স্থানীয়দের উপর এলোপাথাড়ি হামলা চালায় তাঁরা। আহত হন গ্রামবাসীরা। এই ঘটনার পর ৩ তীর্থযাত্রী পালিয়ে গেলেও একজনকে কোনওমতে ধরে ফেলেন গ্রামবাসীরা। ব্যাপক মারধর করা হয় তাঁকে। ৩ জনকে গৌচর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার জেরে ৮ জন জখম হয়েছেন। পুলিশ আহতদের কর্ণপ্রয়াগ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে এই সংঘাতের জেরে সকাল ১০টা থেকে বন্ধ হয়ে যায় বদ্রীনাথ হাইওয়ে। প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় যানজট তৈরি হয়। ক্ষুব্ধ এলাকাবাসী শিখ তীর্থযাত্রীদের অস্ত্র বহন নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বদ্রীনাথ হাইওয়ে অবরুদ্ধ রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক কর্মীরা উপস্থিত হয়েছেন। অবরোধ তুলে নেওয়ার জন্য স্থানীয়দের কাছে আর্জি জানিয়েছে প্রশাসন।