এক বছরে ক্ষতি ১৫ কোটি! বনাঞ্চলে মমতার বন্ধ করা প্রবেশমূল্য ফের চালুর প্রস্তাব
প্রতিদিন | ১৬ জুন ২০২৬
বক্সাতে আনা হবে বাঘ, জল মহিষ। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর এই কথা জানান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। গত বছর আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক থেকে গোটা রাজ্যে বনাঞ্চলে প্রবেশের মূল্য তুলে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে এক বছরে বন দপ্তরের প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। সেই প্রবেশ মূল্য ফের চালু করার প্রস্তাব দিয়েছেন বনকর্তারা। বনকর্তাদের এই প্রস্তাব বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী।
রাজ্যে পালাবদলের পর এদিন দুই মন্ত্রীর উপস্থিতিতে ডুয়ার্স কন্যাতে জেলায় প্রথম প্রশাসনিক বৈঠক হয়। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এই বৈঠকে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ, বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ ছাড়াও জেলা স্তরের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। জেলা বিজেপির সভাপতি মিঠু দাসও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, “বক্সাতে বাঘ আনাব। পর্যটন ব্যবস্থার উন্নয়নে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এখানে জল মহিষ আনারও পরিকল্পনা করছি।” এদিন জয়ন্তী বন গ্রামের পুনর্বাসন নিয়ে বনমন্ত্রী বলেন, “জয়ন্তী গ্রামের ৯৮ শতাংশ মানুষ অন্যত্র সরে যেতে রাজি। তাঁদের জন্য বনছায়াতে ব্যবস্থাও করা হচ্ছে। যারা রাজি নন তাঁদের সঙ্গেও কথা বলা হবে।”
তবে এদিন বৈঠকের পর বনমন্ত্রী জানিয়েছেন, বিগত সরকার বনে প্রবেশের ক্ষেত্রে ফি পুরোপুরি মকুব করে দিয়েছিল। সেই ফি’র কিছুটা চালু করার কথা বনকর্তারা জানিয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে। এদিন বনমন্ত্রী বলেন, “তুঘলকি সিদ্ধান্ত নিয়ে বনে প্রবেশের মূল্য মকুব করে দেওয়া হয়েছিল। বনকর্তারা এই ফি কিছুটা চালুর প্রস্তাব দিয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে। এর ফলে বনদপ্তরের রাজস্ব ক্ষতি হচ্ছে।” এদিন বৈঠকের পর স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, “জেলায় সব দপ্তরের কী কী কাজ হচ্ছে, কোথায় অসুবিধে এই সব জানতেই এদিনের বৈঠক করা হয়েছে। বৈঠকে আমরা সব শুনলাম । এরপর ব্যবস্থা গ্রহণ করা হবে।”