মামলার পাহাড় কমাতে ম্যাজিকের মতো কাজ! বাঁকুড়ায় একদিনের লোক আদালতে নিষ্পত্তি হাজারের বেশি মামলা
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
: আদালতেই উঠল বকেয়া ৪১ লক্ষ টাকা। মিটে গেল হাজারের উপর মামলা। ঘটনাটি ঘটল বাঁকুড়ায়। এক বছরে চারবার হয় এমন কাজ। জেনে নিন, কী হয়েছে। খাতড়া মহকুমা আদালতে হল লোক আদালত। আর এই একদিনের লোক আদালতেই নিষ্পত্তি হল ১ হাজার ৮৩৪টি মামলা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন ছোটখাটো মামলা, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত সমস্যা, মোটর দুর্ঘটনা মামলা, ট্রাফিক চালান এবং অন্যান্য বিষয় নিয়ে বহু মানুষ এদিন আদালতে উপস্থিত হন। খাতড়া মহকুমা বা তালুক আইনি পরিষেবা কমিটির উদ্যোগে এই লোক আদালতের আয়োজন করা হয়। খাতড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তাদের মামলা দ্রুত নিষ্পত্তির আশায় এখানে আসেন।
খাতড়া মহকুমা আইনি পরিষেবা কমিটির সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান, এদিন মোট ৩ হাজার ৫৩৯টি মামলা লোক আদালতে তোলা হয়। তার মধ্যে ১ হাজার ৮৩৪টি মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলা মেটানোর মাধ্যমে প্রায় ৪১ লক্ষ টাকা আদায় হয়েছে। মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে চারটি বেঞ্চ গঠন করা হয়। প্রতিটি বেঞ্চে ছিলেন একজন বিচারক এবং দুজন করে আইনজীবী। তাদের উপস্থিতিতেই সমঝোতার মাধ্যমে বহু মামলার নিষ্পত্তি করা হয়।
লোক আদালত মূলত সাধারণ মানুষের জন্য একটি সহজ ও দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যম। ব্যাঙ্ক ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, কৃষক ক্রেডিট কার্ডের বকেয়া, ট্রাফিক চালান, ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি মামলা। এসব ক্ষেত্রেই তুলনামূলক কম খরচে এবং কম সময়ে সমাধানের সুযোগ মেলে।
আইনি পরিষেবা কমিটির তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বছরে চারবার লোক আদালতের আয়োজন করা হয়। এর ফলে যেমন সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পান, তেমনই আদালতের মামলার চাপও অনেকটা কমে। এছাড়াও লোক আদালতে আদায় হওয়া জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা পড়ে, যা সরকারের রাজস্ব বৃদ্ধিতেও সহায়তা করে।