• পাঁশকুড়ার পাইকারি বাজার সরছে অন্যত্র, নতুন ঠিকানা না জেনে রাখলে পরে ফাঁসবেন
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাণকেন্দ্র এবং কৃষি ব্যবসার প্রধান হাব হল পাঁশকুড়া। ফুল এবং টাটকা সবজি চাষের জন্য এই অঞ্চলের খ্যাতি রাজ্যজোড়া। শুধু পাঁশকুড়া নয়, সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং ঐতিহ্যবাহী স্থান। তবে দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পাঁশকুড়া স্টেশন রোডের ওপর বসা পাইকারি সবজি বাজারটি। অবশেষে সাধারণ মানুষের সুবিধার্থে এবং যানজটমুক্ত শহর গড়তে এই বাজারটি রাস্তা থেকে সরিয়ে অন্য একটি উপযুক্ত স্থানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পাঁশকুড়া স্টেশন রোডটি এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা। প্রতিদিন ভোর থেকে শুরু করে বেলা বাড়া পর্যন্ত এই রাস্তায় পাইকারি বাজারের জন্য তিল ধারণের জায়গা থাকত না। চাষি, পাইকারি ব্যবসায়ী এবং খুচরো ক্রেতাদের ভিড়ে রাস্তাটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ত। স্টেশনগামী যাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া এবং জরুরি পরিষেবার গাড়ি জ্যামে আটকে পড়ে। সরু রাস্তায় ভারী লরি ও পিক-আপ ভ্যানের যাতায়াতের কারণে সাধারণ পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হত। বাজারের বর্জ্য ও নোংরা আবর্জনা রাস্তার ওপর জমে থাকায় এলাকাটিতে দূষণ ও দুর্গন্ধ ছড়াত। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা মাথায় রেখে এবং পাঁশকুড়া শহরকে আরও সচল ও সুন্দর করে তুলতে প্রশাসন বাজারটি মূল রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে।

    বাজারটি নতুন এবং উন্মুক্ত একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করার ফলে একাধিক সুবিধা পাওয়া যাবে। রোড সম্পূর্ণ ফাঁকা ও যানজটমুক্ত হবে। সাধারণ মানুষ ও যানবাহন কোনও রকম বাধা ছাড়াই যাতায়াত করতে পারবেন। নতুন বাজার চত্বরে ব্যবসায়ী এবং চাষিদের জন্য রয়েছে সুপরিকল্পিত পরিকাঠামো, যেখানে আলো, জল এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থার সুবিধা থাকবে। খোলামেলা পরিবেশ হওয়ার কারণে চাষিরা তাদের উৎপাদিত সবজি ও ফুল সঠিক মূল্যে এবং নিরাপদে বিক্রি করতে পারবেন। দূর-দূরান্ত থেকে আসা পাইকারদের গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে।

    এ বিষয়ে পাঁশকুড়ার বাসিন্দা অঞ্জন মাইতি জানিয়েছেন, “আগেই এই পাইকারি বাজার পাঁশকুড়ার কিষান মান্ডিতে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা হয়েছিল। কিন্তু কোনও কারণে হয়নি। সম্প্রতি প্রশাসন উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে এই পাইকারি বাজার কিষাণ মান্ডিতে সরিয়ে নিয়ে যেতে।” পাঁশকুড়ার এই পাইকারি সবজি বাজারটি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। তাই এই স্থানান্তরের সিদ্ধান্ত যেমন এলাকার অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করবে, তেমনই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে করবে অনেক সহজ ও স্বস্তিদায়ক। প্রশাসনের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
  • Link to this news (News18 বাংলা)