বোলপুরের ‘টোল’ পণ্ডিত নাসির, টোলপ্লাজা তৈরি করে তোলাবাজি! মাংসের দোকানের কর্মী থেকে কোটিপতি
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
মাংসের দোকানের ছাপোষা কর্মী। সেখান থেকেই কোটিপতি। বোলপুরের মাটিতে চুরির চাষ। রাজমহলের দূরবীনে আজ তৃণমূল নেতা শেখ নাসিরের গল্প। দুর্নীতির পোস্টমর্টেম।
‘‘নবীন কিশোর, তোমায় দিলাম
ভুবনডাঙার মেঘলা আকাশ
তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট
আর ফুসফুস-ভরা হাসি”
উত্তরাধিকার, সুনীল গঙ্গোপাধ্যায়
কবির স্বপ্নের ভূবনাডাঙা। সেই মাটিতেই চুরির চাষ। বোলপুরের ভূবনডাঙাতেই নাসিরের চুরির হাতেখড়ি। শেখ নাসির।
আরও পড়ুন– স্ক্যানারে অনন্যার বিরাট সম্পত্তি ! বাড়িতে ‘লিফট-গ্লাসরুম’, কাউন্সিলরের ‘আলাদিনের প্রদীপ’ নিয়ে প্রশ্ন
২০১১ সাল ৷ ঘরেতে নাসির এল গুনগুনিয়ে…৷ তৃণমূলের ঘর আলো করে নাসির। প্রথমে এলাকায় ছোটখাটো তোলাবাজি দিয়ে হাত পাকানো। তারপর বালি চুরি। সেখান থেকেই কোটি কোটি টাকা।
ভূবনডাঙার ‘বাদশা:
চুরির টাকায় এইভাবেই নাসিরের ফুলে ফেঁপে ওঠা। তোলাবাজি আর বালি চুরি। এরপর আবার প্রোমোশন। তোলাবাজি, বালি চুরিতে ফাটাফাটি রেজাল্ট। একেবারে একশোয় একশো। পুরস্কার হিসাবে পরের দায়িত্ব পড়ল টোল প্লাজা খুলে টাকা তোলার। এ একেবারে অভিনব ব্যাপার। সাধারণত রাস্তা থেকে টোল তোলে সরকার। কেন্দ্র কিংবা রাজ্য। বোলপুরের এই টোল তৃণমূল নেতারাই তৈরি করেন। নামেই বোলপুর পুরসভার টোল। কিন্তু, পুরসভা এমন কোনও টোল চালুই করেনি। গোটাটাই ফারুকদের টোল। তোলা তোলার নতুন পথ।
আরও পড়ুন– মেট্রোর পরে এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে ট্রাক ! সুড়ঙ্গ তৈরির মেগা পরিকল্পনা
‘টোল’ পণ্ডিত নাসির:
বোলপুর শহরে এমন ৬টি বেআইনি টোলপ্লাজা তৈরি করা হয় ৷ প্রতিদিন একেকটি টোলপ্লাজা থেকে হাজার পঞ্চাশেক আয় হতো ৷ ৬ টোলপ্লাজার দিনে কালেকশন ৩ লক্ষ টাকা ৷ মাসে টোলপ্লাজা থেকেই আয় ৯০ লক্ষ ৷ এই ৯০ লক্ষ টাকা ভাগ হত ফিফটি ফিফটি ৷ ৪৫ লক্ষ নাসিরের। বাকিটা অন্য তৃণমূল নেতাদের।
টোলের টাকাতেই নাসির একেবারে আমির। একেই বলে কপাল। ন্যাতা থেকে নেতা। রাজমিস্ত্রি থেকে রাজ-তিলক। তৃণমূল জমানায় নাসিরের ভাগ্যবদল। নাসিরের ভাণ্ডারে উপচে পড়েছে চুরির টাকা। এবার দেখাই নাসিরের রাজমহল। ১০ কাঠা জমির উপর বিশাল সম্পত্তি। কোটি কোটির সম্পত্তি। গ্যারাজে উঁকি মারছে দামি গাড়ি। অনেকেই বলেন, বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর আর্শীবাদেই কষ্ট গেছে নাসিরের। তবে খিদে-তেষ্টা বেড়েছে। টাকার খিদে। সম্পত্তির খিদে। বাড়ি,গাড়ি,জমি। সবই আছে। সম্পত্তি আছে নামে…বেনামেও। তৃণমূল জমানাতেই টোল-পণ্ডিত নাসিরের নসিব খুলেছে। ২০২৬ এই সব ওলোটপালট। ভোটযুদ্ধে ধরাশায়ী তৃণমূল। কপাল পুড়েছে নাসিরেরও। তৃণমূল সরতেই নাসিরও হাওয়া। বেপাত্তা।