G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা সপ্তমবার এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন মোদী। ভারত এই গোষ্ঠীর সদস্য নয। আমন্ত্রিত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে টানা সাতবার G7 সম্মেলনে অংশ নেওয়ার রেকর্ড সম্ভবত আর কারও নেই। দু’দিনের এই হাই-প্রোফাইল সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে নিজের মত প্রকাশ করবেন তিনি। পাশপাশি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা তাঁর।
এভিয়ানে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে পৌঁছলাম। বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে চিন্তাভাবনা আদান-প্রদান করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটি আরও টেকসই এবং সমৃদ্ধশালী পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।’
এ দিন ফ্রান্সের এভিয়ান যাওয়ার পথে প্রথমে সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেকানকার প্রেসিডেন্ট গাই পারমেলিন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়।
এর পরে জেনেভা থেকে সড়কপথে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ফ্রান্সের এভিয়ানের উদ্দেশে রওনা দেন মোদী। এ দিন সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাবেন। রাতে ফরাসি প্রেসিডেন্ট আয়োজিত একটি গালা ডিনারেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এর পরে মোদী যোগ দেবেন ‘ফোর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিডারিটি’ নামে এক আলোচনায়। সেখানে বিশ্বব্যাঙ্ক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সাউথ ব্লক সূত্রে খবর, মূলত উন্নয়নশীল দেশগুলি অর্থাৎ ‘গ্লোবাল সাউথ’-এর অর্থনৈতিক ও জলবায়ুগত উদ্বেগ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই ভারতের মূল লক্ষ্য।
মোদীর সফরের অন্যতম প্রধান আকর্ষণ শীর্ষ সম্মেলনের সমান্তরালে পরিকল্পিত দ্বিপাক্ষিক বৈঠকগুলি। সাউথ ব্লক সূত্রে খবর, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং সংযুক্ত আরব আমিরশাহির (UAE) প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী।
তবে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে বুধবারের (১৭ জুন) ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী বৈঠকের দিকে। সদ্য ওমান উপসাগরে ভারতীয় নাবিক রয়েছে এমন বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে আমেরিকান সেনা। তিন ভারতীয় নাগরিকের মৃত্যুও হয়েছে।
আমেরিকা এই হামলার দায় স্বীকার করেছে, কিন্তু বন্ধু দেশের নাগরিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেনি। এই নিয়ে দেশে বিরোধীরা সরব।
আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বসে এই বিষয়টি তোলেন কিনা ভারতের প্রধানমন্ত্রী, সে দিকে চোখ থাকবে সকলের। সরকারি সূত্রে জানা গিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।