• ভারতে 'ব্যান' টেলিগ্রাম অ্যাপ, কেন এমন সিদ্ধান্ত কেন্দ্রের?
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • নয়াদিল্লি, ১৬ জুন: ফের অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। কিন্তু এবার পরীক্ষার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে চাইছেনা কেন্দ্র। পরীক্ষার আগে নিরাপত্তা আরও কড়া করতে চাইছে কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস রোধে সেনা মোতায়েনের পর এবার বড় সিদ্ধান্ত। মঙ্গলবার কেন্দ্রীয় সূত্রের দাবি, পুরো দেশে সাময়িকভাবে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম অ্যাপ। পরীক্ষার প্রশ্নের সুরক্ষা আরো নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের।

    নিট পরীক্ষা ঘিরে সাম্প্রতিক কয়েক মাসে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্রীয়ভাবে পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা আরও জোরদার করতে নেওয়া হচ্ছে সেনার সহায়তাও । একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে তথ্য ফাঁস রোধে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এ প্রসঙ্গেই মঙ্গলবার, গোপন তথ্য বা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মেসেজিং অ্যাপ ব্যবহার সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে টেলিগ্রাম অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেশজুড়ে অ্যাপটি সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।  আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা হওয়ার কথা রয়েছে অর্থাত্ ৩০ জুন পর্যন্ত এই অ্যাপটি গোটা ভারতবর্ষজুড়ে  বন্ধ থাকবে। 

    সম্প্রতি এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে তদন্তে উঠে এসেছে, মূলত টেলিগ্রামের মাধ্যমেই এই প্রশ্নপত্র ছড়ানো হচ্ছিল। বিভিন্ন গ্রুপ ও চ্যানেল ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কেনাবেচার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, কয়েকটি টেলিগ্রাম গ্রুপে ২১ জুনের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেগুলি পরীক্ষার আগে কিছু টাকার পরিবর্তে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে দাবি করে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা চলছিল। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারকে লক্ষ্য করে এমন ভুয়ো আশ্বাসও দেওয়া হচ্ছিল যে টাকা দিলে আগেই প্রশ্নপত্র পাওয়া যাবে। এনটিএ স্পষ্টভাবে জানিয়েছে, পরীক্ষার আগে প্রশ্নপত্র বাইরে ফাঁস হওয়ার কোনও সুযোগই নেই। সংস্থার মতে, কিছু টেলিগ্রাম চ্যানেল শুধু বিভ্রান্তি ছড়ানো এবং প্রতারণার উদ্দেশ্যেই এই ধরনের দাবি করছে। এছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু অ্যাপ ব্লক নয় টেলিগ্রামের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণও আরোপের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মেসেজ এডিট করার সুবিধা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)