'পাহাড়ে ঘুরতে না, আমি কাজ করতে আসব'- কার্শিয়াং থেকে বক্তব্য মুখ্যমন্ত্রীর
বর্তমান | ১৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপি নেতা হিসেবে একাধিকবার পাহাড়ে পা রেখেছেন শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতেো উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ কার্শিয়াংয়ের মন্টেভিট প্লে গ্রাউন্ডের মঞ্চে উপস্থিত হন। সেখানে তাঁকে সংবর্ধনা জানান বিজেপি সাংসদ রাজু বিস্তা। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।
সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল উত্তরবঙ্গের মানুষ পাবেন এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প পাহাড়ে বাস্তবায়িত হবে। পাশাপাশি পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কাছ থেকে সংবর্ধনা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, পাহাড় দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম সঙ্গী। তিনি ঘোষণা করেন, পাহাড়ের সমস্ত এলাকার মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এছাড়াও পাহাড়বাসীর প্রত্যাশা পূরণে রাজ্য সরকার কাজ করবে এবং প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। সভা থেকে একাধিক উন্নয়নমূলক ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ১ জুলাই থেকে পাহাড়বাসীরা ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে পাহাড়ে শিক্ষক নিয়োগে কোনও দুর্নীতি হবে না এবং শীঘ্রই পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পুলিশ বিভাগে পাহাড়ের যুবক-যুবতীরা চাকরির সুযোগ পাবেন বলেও তিনি জানান। এছাড়াও পাহাড়ের জনজাতি সম্প্রদায়ের জন্য রেশনে বিশেষ ভর্তুকি এবং বিদ্যুতে ভর্তুকির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের শেষে তিনি বলেন, ভবিষ্যতে তিনি পাহাড়ে শুধুমাত্র ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসবেন।
প্রসঙ্গত, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং এই তিনটি বিধানসভা কেন্দ্রই বিজেপির কব্জায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রও দীর্ঘদিন ধরে বিজেপির অধীনে। কিন্তু এবার রাজ্যের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো বিধায়ক স্থান পাননি। এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাহাড়বাসীর বক্তব্য, বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার।