• ‘স্যাঁটা গরম করে দেব...’ হঠাৎ কেন এমন হুঁশিয়ারি দিলেন জগন্নাথ? কারণ বলে দিলেন মন্ত্রী নিজেই
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • সাম্প্রতিক বীরভূম জেলার সদর শহর সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষা মন্ত্রী এবং কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হিসেবে পদ পেয়েছেন। এরপরেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি শিক্ষায় দুর্নীতি রোখার প্রশ্নে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কেন এমন বার্তা মন্ত্রীর মুখে?

    টাকার বিনিময়ে ভর্তি:

    মূলত তৃণমূল সরকারের সময়কালে কলেজে কলেজে সব থেকে বড় অভিযোগ ছিল মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তি। দেদার তোলাবাজি নিয়ে সরব ছিল বিরোধীরা। তৃণমূলের জমানায় বিরোধীদের অভিযোগ ছিল, উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি শুরু হলেই এক শ্রেণির ছাত্রনেতা হঠাৎ করেই ফুলেফেঁপে ওঠে।

    অনলাইন ভর্তি প্রক্রিয়া:

    যে কারণে শেষ কয়েক বছর কেন্দ্রীয় ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করতে হয়েছিল বিকাশ ভবনকে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই জগন্নাথ বাবু বলেছেন, ‘‘কোথাও যদি কলেজে ভর্তি নিয়ে কেউ টাকা তুলছে, সে যেই হোক, হঠাৎ বিজেপি-ও যদি হয়, শোনা যায়, তার স্যাঁটা গরম করে দেওয়া হবে।’’

    আরও পড়ুন: হাউ হাউ করে কাঁদছেন তৃণমূলের ‘পঞ্চায়েত প্রধান’…! হাত জোর করে চাইলেন ক্ষমা, হাওড়ায় জনরোষে ‘দাপুটে নেত্রী’, মুহূর্তে ভাইরাল!

    শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক:

    শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। এরপরে বোলপুর কঙ্কালীতলা জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে বিষয়টি নিয়ে অবশেষে নিজেই মুখ খুললেন সিউড়ির বিধায়ক তথা শিক্ষামন্ত্রী।

    জগন্নাথ বাবু জানান “আমার ভাষা, আমার গর্ব। আমি লাল মাটির জেলা বীরভূমের মানুষ। নিজের জেলার আঞ্চলিক ভাষাতেই কথা বলি আর বলব।”

    শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা:

    মন্ত্রীর দাবি, মন্তব্যটি কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে না, বরং শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিতেই বলা হয়েছিল। তিনি আরও জানান, বীরভূমের আঞ্চলিক ভাষার কিছু শব্দ স্বাভাবিকভাবেই তাঁর কথাবার্তায় চলে আসে। সেই ভাষা নিয়েই বিতর্ক তৈরি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

    জগন্নাথ চট্টোপাধ্যায় পরিষ্কার জানান “মানুষ কী খাবে, কী বলবে, কী করবে, কী পরবে, সেটা ঠিক করার অধিকার নিজের ছাড়া কারও নেই। তাহলে আমার নিজের জেলার ভাষা নিয়ে এত আপত্তি কেন?” বিতর্কের মাঝেও মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ভবিষ্যতেও তিনি বীরভূমের আঞ্চলিক ভাষায় কথা বলবেন।

    সৌভিক রায়
  • Link to this news (News18 বাংলা)