৩ মাসের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্স, তবে পর্যটকদের জন্য খোলা থাকছে জঙ্গলের 'এই' অংশ, ঘুরে আসুন
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
তিনমাসের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের জঙ্গল! কেন হঠাৎ থামছে সাফারি? জানলে অবাক হবেন। ডুয়ার্সে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার একটু সতর্ক হোন। আজ থেকেই প্রায় তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গলের দরজা। ফলে এই সময় আর মিলবে না গভীর জঙ্গলের সাফারির সুযোগ। তবে পর্যটকদের সম্পূর্ণ হতাশ না করতে লাটাগুড়ির কিছু নির্দিষ্ট অংশ খোলা রাখা হবে বলে জানিয়েছে বন দফতর।
প্রতিবছরের মতো এ বছরও বর্ষার শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হওয়ায় জঙ্গলে মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে প্রাণীরা অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে। পর্যটকদের উপস্থিতি বা যানবাহনের শব্দে তারা বিরক্ত হতে পারে, যা তাদের স্বাভাবিক আচরণে প্রভাব ফেলতে পারে। এছাড়াও বর্ষাকালে জঙ্গলের রাস্তা পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে ওঠে। ফলে পর্যটকদের নিরাপত্তার দিকটিও মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী তিনমাস জঙ্গল বন্ধ থাকলেও প্রকৃতিপ্রেমীরা লাটাগুড়ির খোলা এলাকায় ঘুরে কিছুটা হলেও ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এদিকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের একাংশ জানিয়েছেন, এই তিন মাস ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও এই সিদ্ধান্তই ডুয়ার্সের জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিবেশবিদদের মতে, নিয়মিত এই বিরতি না থাকলে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনচক্র ব্যহত হতে পারে। তাই সাময়িক অসুবিধা হলেও প্রকৃতির স্বার্থেই এই সিদ্ধান্তকে সমর্থন করেন তারা। পর্যটকদেরও অনুরোধ করা হয়েছে, এই সময়ে নিয়ম মেনে চলতে এবং বনাঞ্চলের সংরক্ষণে সহযোগিতা করতে। তিন মাস পর আবারও খুলে যাবে জঙ্গলের দরজা। তখন ফের শুরু হবে জঙ্গল সাফারি, বন্যপ্রাণী দর্শন আর পর্যটকদের ভিড়। তাই আপাতত অপেক্ষা প্রকৃতির স্বাভাবিক ছন্দ বজায় রাখতেই এই সাময়িক বিরতি।