১১ বছরের প্রতিবেশী শিশুকে কুপিয়ে খুন করে ‘বাবা’! ১৪ মাস পর নৃশংস ঘটনায় কী সাজা দিল আদালত?
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
১১-বছরের শিশু খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বসিরহাট কোর্টের ফাস্ট ট্রাক নং-২ এর বিচারক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়৷ মাত্র ১৪ মাস ১৩ দিনের মাথায় সাজা ঘোষণা করা হল এই মামলার৷
বসিরহাটের মাটিয়া থানার গাঙআটি গ্রামেই ঘটেছিল এই নৃশংস খুনের ঘটনা। নিজের মেয়ের সঙ্গে খেলতে খেলতে ঝগড়া বাধে ১১ বছরের প্রতিবেশী শিশুর৷ রাগের বশে ১১ বছরের নিষ্পাপ প্রাণকেই কুপিয়ে খুন করে অভিযুক্ত৷
এপ্রিল মাসের ৪ তারিখ সকাল ন’টায় একসঙ্গে কয়েকজন বাচ্চারা খেলা করছিল। খেলা নিয়ে বচসা বাধে আসামি কামরুল জামানের শিশু কন্যার সঙ্গে ওই শিশুর৷ মেয়ের কান্নাকাটি দেখে কামরুল আগুপিছু না ভেবে বাড়ি থেকে একটি ধারালো কুরুল নিয়ে এসে ১১ বছরের শিশুকে নৃশংসভাবে একাধিক বার ঘাড়ে কোপ মারে। ১১ বছরের শিশু আমিনুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত শিশুর বাবা হাসানুর জামান মাটিয়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে। ১১ বছরের শিশুকে নৃশংসভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারই প্রতিবেশী কামরুল জামান। তদন্তে নেমে অল্প দিনের মধ্যেই পুলিশ খুনের কিনারা করে তদন্ত শেষ করে। গত বৃহস্পতিবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সাজা ঘোষণা হল৷ যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা। জরিমানার ৫০-হাজার টাকা মৃত শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।
সাজা ঘোষণার পর মৃত শিশুর বাবা বলেন প্রতিবেশী হয়ে সামান্য বাচ্চাদের ঝগড়া নিয়ে যে নৃশংসভাবে আমার ছেলেকে খুন করেছে আমি তার ফাঁসির সাজা চেয়েছিলাম তবে বিচারক যাবজ্জীবন কারাবাস দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট জানালেন ১১ বছরের সন্তান হারা হাসানুর জ্জামান।